সত্যি ফারহানের জার্সি চেয়ে নিলেন শ্রীলঙ্কার কোচ

শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি সাফের আগেই ফারহান আলী ওয়াহিদের প্রশংসা করেছিলেন। তখনই ফারহানের জার্সি নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুতাইরি। যে কথা, সে-ই কাজ। জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ফারহানের জার্সি নিলেন মুতাইরি।
বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে ক্যামেরার লেন্স খুঁজে নেয় ফারহান ও মুতাইরিকে। তখনই দেখা যায়, ফারহান তাঁর জার্সি খুলে লঙ্কান কোচ মুতাইরিকে দিচ্ছেন। মুতাইরির দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বাংলাদেশ হয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। দুই ম্যাচে পাঁচ গোল করা বাংলাদেশ এখনো কোনো গোল হজম করেনি।
সাফ চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের এই ম্যাচ চলাকালে গ্যালারির একাংশে দেখা গেল এক বিশাল ব্যানার। এআই দিয়ে বানানো সেই ছবিতে দেখা যাচ্ছে দুজনকে। একজন বাংলাদেশের ফারহান, অপরজন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ফারহানের হাত থেকে তাঁর জার্সি নিচ্ছেন শ্রীলঙ্কান কোচ। ব্যানারের ডান দিকে ইংরেজিতে লেখা একটা বাক্যে অনেকেরই চোখ আটকে যায়। সেই লেখাটি হলো ‘ডোন্ট ক্রাই, গো ব্যাক হোম’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়—‘কেঁদো না, বাড়ি ফিরে যাও’।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ উঠেছে সেমিফাইনালে। শ্রীলঙ্কা-ভুটান দুই দলের পয়েন্ট সমান ১। কিন্তু শ্রীলঙ্কা বেশি গোল হজম করায় বাদ পড়েছে। ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়েছে ভুটান।
সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনালই হবে ১৪ নভেম্বর। জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। কারণ, ভারত ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন। আর সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। যেখানে পাকিস্তান হয়েছে ‘এ’ গ্রুপ রানার্সআপ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ।









