কেঁদো না, বাড়ি যাও—শ্রীলঙ্কার কোচকে বাংলাদেশের দর্শকদের খোঁচা

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালে গ্যালারির একাংশে দেখা গেল এক বিশাল ব্যানার। তাতে দুজনের ছবি। এআই দিয়ে বানানো সেই ছবিতে দুজনকে দেখা যাচ্ছে। একজন বাংলাদেশ দলের ফারহান আলী ওয়াহিদ, অন্যজন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ফারহানের হাত থেকে তাঁর জার্সি নিচ্ছেন শ্রীলঙ্কান কোচ।
কেন এই ব্যানার? সেটি বোঝা যায় ব্যানারের ডান দিকে ইংরেজিতে লেখা একটা বাক্যে—‘ডোন্ট ক্রাই, গো ব্যাক হোম’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়—‘কেঁদো না, বাড়ি ফিরে যাও’।
তারপরও এই ব্যানারের কেন প্রদর্শন বুঝতে পারেননি! তাহলে ঘটনাটা খুলেই বলি। চলতি সাফ চ্যাম্পিয়নশিপ ভুটানের বিপক্ষে ড্রয়ের পর রেফারিং নিয়ে বাজে মন্তব্য করেছিলেন, সে মন্তব্যে ছিল আয়োজক বাংলাদেশকে নিয়ে একটা খোঁচাও। বলেছিলেন, ‘যদি বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তবে ফাইনাল ম্যাচটা শুধু ওই দুই দলের মধ্যেই আয়োজন করুন। অন্য দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচান।’
বাংলাদেশ ম্যাচের আগের দিনও বেফাঁস মন্তব্য করেন মুতাইরি। তিনি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি, কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে সেটার অর্থ হলো পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা একই রকম। এখানে কোনো কিছু গোপন থাকে না।’ মুতাইরি সাফের আগেই ফারহানের জার্সি রেখে দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেন।
শ্রীলঙ্কান কোচের এসব মন্তব্য ভালো লাগেনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। ভালো লাগার কথাও নয়। এরই কারণে শ্রীলঙ্কান কোচকে নিয়ে বানানো এমন ব্যানার নিয়ে ফুটবলপ্রেমীদের ঢাকা স্টেডিয়ামে হাজির হওয়া।









