Ajker Patrika

অধিনায়ক হামজাকে দশে দশ দিলেন বাংলাদেশ কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিনায়ক হামজাকে দশে দশ দিলেন বাংলাদেশ কোচ
জয়ের পর মাঠ ছাড়ছেন হামজা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের জার্সিতে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন হামজা চৌধুরী। সামনে থেকে নেতৃত্ব, একটি দুর্দান্ত গোল, অ্যাসিস্ট আর পুরো আক্রমণভাগকে সুতোয় বেঁধে রাখা—অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষাতেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন এই তারকা মিডফিল্ডার। ম্যাচ শেষে শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। অধিনায়ক হামজাকে মূল্যায়ন করতে গিয়ে ডুলি অকপটে জানিয়ে দিলেন, হামজা ‘দশে দশ’।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে উড়িয়ে দেওয়ার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে ছিলেন নতুন অধিনায়ক হামজা। ডুলি বলেন, ‘অবশ্যই ১০-এ ১০! সে অসাধারণ খেলেছে। এর চেয়ে বেশি আর কী চাইবেন ওর কাছে, পাঁচটা গোল করবে?’

মাঠে হামজার প্রভাব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে ডুলি বলেন, ‘হামজার চেয়ে যোগ্য অধিনায়ক আর কেউ হতে পারে না, এ নিয়ে কোনো সন্দেহই নেই। শুরুতে আমাকে বলা হয়েছিল সে হয়তো অধিনায়ক হতে চায় না। সানমারিনোর বিপক্ষে জামাল মাঠ ছাড়ার পর সে আর্মব্যান্ড তপুকে দিয়েছিল। তখন আমি বুঝেছিলাম ওর ক্ষেত্রে আর্মব্যান্ড থাকা না-থাকা বড় বিষয় নয়; কারণ সে যাই বলে, মাঠের খেলোয়াড়রা তাকেই অনুসরণ করে। তবে তপু দলে নেই, জামাল খেলেনি, সাদও চোট পেয়ে ছিটকে গেছে। আমরা হামজাকে অনুরোধ করতেই সে সানন্দে দায়িত্ব নেয়।’

বাকি টুর্নামেন্টেও হামজাকেই এই দায়িত্বে দেখতে চান বাংলাদেশ কোচ, ‘আমি চাই সে প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করুক। সে একাদশের মূল খেলোয়াড়। তা ছাড়া মাঠে রেফারির সঙ্গে কথা বলার মতো ব্যক্তিত্ব ও প্রভাবও তার রয়েছে।’

নেতৃত্বের পাশাপাশি এই ম্যাচে হামজাকে কৌশলগতভাবে সম্পূর্ণ নতুন ভূমিকায় খেলিয়ে চমক দেখিয়েছেন ডুলি। ইংল্যান্ডে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে হামজা সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার (৬ বা ৮ নম্বর পজিশন) হিসেবে খেললেও কাল তাঁকে খেলানো হয় খাঁটি আক্রমণাত্মক মিডফিল্ডার—‘নাম্বার টেন’ হিসেবে।

এই কৌশলের ব্যাখ্যা দিয়ে ডুলি বলেন, ‘হামজা ডিফেন্সিভ মিডফিল্ডে খেললেও দলকে সাহায্য করার জন্য প্রচুর ওপরে উঠে আসে। আমরা চেয়েছিলাম রক্ষণে পুরোপুরি সুসংগঠিত থাকতে। আর হামজাকে আক্রমণভাগে খেলালে তার ফুটবল প্রজ্ঞা দিয়ে উইঙ্গার ও স্ট্রাইকারকে ভালো বল বানিয়ে দিতে পারে, ২০ গজ দূর থেকে শট নিতে পারে কিংবা হেডের জন্য বক্সে ঢুকতে পারে। সামনে হামজার মতো গতি ও আগ্রাসী মানসিকতার একজন নেতা থাকলে প্রতিপক্ষের রক্ষণ তটস্থ থাকে এবং দলের বাকিদের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি হয়। তা ছাড়া শ্রীলঙ্কার ফুটবলাররাও ম্যাচ শেষে বলেছে, হামজার গতি ও প্রেসিং সামলানো কতটা কঠিন ছিল।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত