বাংলাদেশের কাছে হারের পর সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের

বাংলাদেশের কাছে ৪–০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে যেন ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) বিরুদ্ধে বর্ণবাদ, বৈষম্য, পক্ষপাত এবং মানসিক চাপ তৈরির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগের কেন্দ্রে সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ খান।
ম্যাচের আগের দিন মধ্যরাতে তাঁকে তদন্তের নোটিশ পাঠিয়ে ছয় মাস থেকে এক বছরের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন মুতাইরি। তাঁর প্রশ্ন, ‘আমি যদি কোনো ইউরোপীয় হতাম, কিংবা আমেরিকা, রাশিয়া বা ভেটো ক্ষমতাসম্পন্ন কোনো দেশের হতাম, তবে কি উনি আমার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারতেন?’
শ্রীলঙ্কার কোচের সঙ্গে সাফের বিরোধ অবশ্য এবারই প্রথম নয়। ভুটানের বিপক্ষে ২–২ গোলে ড্রয়ের পর রেফারিং নিয়ে সমালোচনা এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালুর দাবি জানিয়েছিলেন তিনি। এর জেরেই তদন্তের নোটিশ পাঠানো হয়েছে বলে মনে করেন মুতাইরি। সংবাদ সম্মেলনে নিজের ফোনে সেই ইমেইল দেখিয়ে তিনি বলেন, ‘আজকের দিনটা আমাদের ছিল না। বাংলাদেশকে অভিনন্দন, অভিনন্দন ভুটান, ভারত এবং মালদ্বীপকেও। এবার চলুন উপভোগ করা যাক।’
এরপরই সাফের আইন বিভাগের প্রধানকে অভিনন্দন জানিয়ে ব্যঙ্গ শুরু করেন এই কোচ। তাঁর ভাষায়, ‘সাফের লিগ্যাল ডিপার্টমেন্টের (আইন বিভাগ) প্রধানকেও অভিনন্দন। উনি মধ্যরাতে আমাকে বার্তা পাঠিয়েছেন যে আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। এখন আমি একটা প্রশ্ন করতে চাই: ২০২৩ সাফের ভারত-পাকিস্তান ম্যাচের কথা কি আপনাদের মনে আছে, কী ঘটেছিল?
ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করেছিলেন, তাই না? আপনারা জানেন সাফ তখন কী বলেছিল? না, না, উনি আগে বিশ্বকাপ খেলেছেন, সমস্যা নেই। কোনো সমস্যা নেই! কিন্তু আমার সামান্য কিছু শব্দের কারণে উনি আমাকে মধ্যরাতে ইমেইল পাঠালেন। এই হলো সেই ইমেইল। মধ্যরাত। কার মধ্যরাত? ঢাকার স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাত। কেন মধ্যরাতে? কেন? আমার মনে হয় ২০২১ সাফের মতোই একই ঘটনা।’
২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কোচ হিসেবে দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছিলেন মুতাইরি। কিন্তু দুটি হলুদ কার্ডের কারণে তাঁকে ফাইনালে ডাগআউটে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একজন হিসেবে তানজিম আহমেদের নাম উল্লেখ করে মুতাইরি বলেন, ‘এখন আপনাদের সবার সামনে আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। ২০২১ সাফেও উনি লিগ্যাল হেড ছিলেন। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে উনি আমাকে ফাইনাল ম্যাচ থেকে নিষিদ্ধ করেছিলেন। প্রতিযোগিতার নিয়মনীতিতে (বাই-লজ) যদি একটা ধারাও আপনারা খুঁজে পান যেখানে বলা আছে দুটি হলুদ কার্ড দেখলে কোনো অফিশিয়ালকে নিষিদ্ধ করা যাবে, তবে আমি—আমি ফুটবল কোচিং করানো ছেড়ে দেব।’
সাফের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানসিক চাপ তৈরির অভিযোগ করে তিনি বলেন, ‘মাইন্ড গেম! অভিনন্দন তানজিম, আপনি চমৎকার কাজ করছেন। এবার আসি ২০২৩-এ, প্রতিযোগিতাটি কে আয়োজন করেছিল? ভারত। আপনারা কি জানেন, সাফ যখন দেশগুলোর জন্য আয়োজক হওয়ার আবেদন উন্মুক্ত করেছিল, তখন একমাত্র কোন দেশ আবেদন করেছিল? নেপাল। আপনারা কি জানেন সাবেক সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক কী বলেছিলেন? যে স্পনসর প্রতিষ্ঠান রয়েছে, তাদের একটাই শর্ত: এটা ভারতে হতে হবে। কী বুঝলেন?’
২০২৩ সালের সাফে ভারতের কোচ ইগর স্তিম্যাচের সঙ্গে পাকিস্তান ও কুয়েতের খেলোয়াড়দের সংঘাতের বিষয়টিও সামনে আনেন মুতাইরি। তাঁর দাবি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পরও স্তিম্যাচের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি সাফ। আবার কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে সংঘাতের ঘটনায় জরিমানা করা হয়েছিল মাত্র ৫০০ ডলার। সেই ঘটনার সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, ‘আরেকটা বিষয়: পাকিস্তান ম্যাচে যখন ভারতের কোচ লাল কার্ড পেলেন, ঠিক না? থামুন, কোনো সমস্যা নেই—এক ম্যাচের নিষেধাজ্ঞা, কোনো ব্যাপার না। তারা ওনাকে শাস্তি দিতে চায় না। কোনো সমস্যা নেই। উনি ইউরোপিয়ান, ভারতের কোচ। ওনাকে কে আটকাবে? সুতরাং কোনো সমস্যা নেই। তৃতীয় ম্যাচে উনি কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে মারামারি করলেন। আপনারা জানেন সাফ কী করেছিল? হ্যাঁ, মাত্র ৫০০ ডলার জরিমানা। সত্যি বলছি। অথচ আপনারা আমাকে বার্তা পাঠাচ্ছেন যে আমাকে ৬ মাস বা ১ বছরের জন্য নিষিদ্ধ করবেন! কেন? ম্যাচের আগের মধ্যরাতে কেন? কেন?’
এরপর নিজের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা দিতে সাফের পাঠানো ইমেইল থেকে অংশবিশেষ পড়ে শোনান মুতাইরি। সেখানে তাঁর বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে রেফারিং নিয়ে অসন্তোষ ও ভিএআর চালুর দাবি উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। ইমেইলের ভাষ্য উদ্ধৃত করে বলেন, ‘প্রেক্ষাপট ও প্রশমনের জন্য। প্রধান কোচের অর্থাৎ আমার প্রতি ন্যায়বিচারের স্বার্থে সাফ উল্লেখ করেছে যে, তিনি নির্দিষ্ট রেফারিং সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং ভিএআর চালুর দাবি জানিয়েছেন। প্রেস কনফারেন্সের বক্তব্যে স্পষ্ট বলা হয়েছে বিষয়টি ছিল ফেয়ার প্লে সংক্রান্ত এবং তা বাংলাদেশ বা সাফের বিরুদ্ধে নয়। তিনি এটাও স্পষ্ট করেছেন যে আয়োজক হিসেবে বাংলাদেশের প্রতি বাড়তি পক্ষপাতিত্ব করার কোনো উদ্দেশ্য তার ছিল না। এবং তিনি কোনো ধরণের কটূক্তি বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেননি।’
এরপরই প্রশ্ন তোলেন মুতাইরি, ‘তাহলে আমি যদি কোনো আক্রমণাত্মক বা অসম্মানজনক ভাষা ব্যবহার না-ই করে থাকি, তবে কেন আপনারা মধ্যরাতে আমাকে চিঠি পাঠালেন? ছয় মাসের নিষেধাজ্ঞা, ১০ হাজার ডলার জরিমানা। ওহ্, আমি এমন কী করেছি? ভারতের কোচ পাকিস্তানের খেলোয়াড়ের গায়ে হাত দিলেন— “না, না, উনি তো বিশ্বকাপ খেলেছেন, কোনো সমস্যা নেই।”’
সাফের ভূমিকা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করে এই কোচ বলেন, ‘আমি একটা কথাই বলব। সাফ যদি আসলেই ফুটবলের উন্নয়ন চায়, তবে তাদের একটাই কাজ করতে হবে: শুধু ফুটবলটা খেলতে হবে। স্রেফ ফুটবল।’
মধ্যরাতে চিঠি পাঠানোর সময় নিয়েও দীর্ঘ সময় প্রশ্ন তোলেন মুতাইরি। তাঁর দাবি, সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করলেই পারত সাফ। তিনি বলেন, ‘মধ্যরাতে এটা পাঠানো সত্যি লজ্জাজনক। চরম লজ্জার, খুবই লজ্জাজনক। কেন আপনারা মধ্যরাতে পাঠালেন, সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করলেই তো হতো। সমস্যাটা কোথায় ছিল? এত তাড়াহুড়ো কিসের ছিল? আমি কি ভুটানের কোনো খেলোয়াড়কে গায়ে হাত দিয়েছি? আপনাদের জিজ্ঞেস করছি। আমি কি ভুটান সম্পর্কে খারাপ কিছু বলেছি? আমি কি রেফারির সঙ্গে মারামারি করেছি? তাহলে আপনারা মধ্যরাতে আমাকে চিঠি পাঠালেন কেন? এমনকি আমার স্ত্রীও মধ্যরাতে আমার সঙ্গে কথা বলে না। কেন এমন করলেন?’
সাফের আইন বিভাগের প্রধানকে উদ্দেশ করে ধর্মীয় ভাষায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুতাইরির বক্তব্য, ‘তাই আমি জনাব তানজিমকে জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন। অনেক অভিনন্দন, কিন্তু... যখন হাশরের ময়দানে আল্লাহর সামনে আমি আর আপনি মুখোমুখি দাঁড়াব, তখন আপনি কোথায় পালাবেন? সেখানে কেউ থাকবে না। আনা খাসীমুকা ইয়াওমাল কিয়ামাহ (কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আপনার বিরুদ্ধে ফরিয়াদি হব)। কারণ এটা জনাব তানজিমের খুব নোংরা চাল। ওনার যদি এতই ক্ষমতা থাকে, তবে পাকিস্তানের খেলোয়াড়কে মারার পর ভারতের কোচের বিরুদ্ধে উনি কী করেছিলেন, সেটা আপনাদের সবাইকে দেখান। দেখি ওনার সাহস!’









