Ajker Patrika

বিশ্বকাপের দুঃখ ভুলে অবশেষে মায়ামিতে মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩: ০৪
বিশ্বকাপের দুঃখ ভুলে অবশেষে মায়ামিতে মেসি
ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে হারের পর অঝোরে কেঁদেছিলেন লিওনেল মেসি। টানা দুইবার শিরোপা জিততে না পারার দুঃখ ভুলতে মেসি চলে গিয়েছিলেন জন্মশহর রোজারিওতে। অবশেষে তিনি ফিরলেন তাঁর ক্লাব ইন্টার মায়ামিতে।

বাসায় কদিন বিশ্রাম নেওয়ার পর গতকাল মেসি যোগ দিয়েছেন ইন্টার মায়ামির অনুশীলনে। মায়ামি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছে। সেখানে আছেন মেসিও। ক্যাপশনে মায়ামি লিখেছে, ‘আজকের আগমনটা একটু অন্য রকমই।’

হাস্যোজ্জ্বল মেসিকে মাঠে ঢোকার সময় তাঁর হাতে ‘মাতে’ পান করার পাত্র দেখা গেছে। এই মাতে হলো আর্জেন্টিনার স্থানীয় চা। পরে নিজেদের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে মায়ামি। প্রকাশিত ভিডিওতে রৌদ্রোজ্জল সকালে লুইস সুয়ারেজ, মেসিসহ মায়ামির খেলোয়াড়রা অনুশীলন মাঠে ঢুকতে ঢোকা গেছে। মেসি এক সতীর্থর সঙ্গে করমর্দন করেছেন। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি লিখেছে, ‘দলের সবাইকে সকালের শুভেচ্ছা।’

মেসিকে ছাড়া এরই মধ্যে ইন্টার মায়ামি দুই ম্যাচ খেলে ফেলেছে। দুটি ম্যাচই ছিল মেজর লিগ সকারের (এমএলএস)। শিকাগোকে মায়ামি হারিয়েছে ৩-২ গোলে। আর মন্ট্রিলের বিপক্ষে ১-০ গোলের জয় পায় মায়ামি। মেসি না থাকায় সুয়ারেজ অধিনায়কত্ব করেছেন। এমএলএসে এই দুই ম্যাচে চার গোলের তিনটিই করেছেন সুয়ারেজ।

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন মেসি। সব মিলিয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর্জেন্টাইন তারকা ফুটবলার করেছেন ১২ অ্যাসিস্ট। দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে ছিল ৮ অ্যাসিস্ট। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপে ২১ গোল করে দুইয়ে মেসি। এই তালিকায় সবার ওপরে থাকা কিলিয়ান এমবাপ্পের গোল ২২।

২০২৬ ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বের বাধাগুলো মেসির বীরত্বেই পার করেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে আর্জেন্টাইন অধিনায়ককে একরকম নিষ্প্রভ দেখা গেছে। শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে স্পেন। হারের পর নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন এক বার্তাও দিয়েছিলেন। এমনকি রোজারিওতে লিওনেস এফসির এক ম্যাচও দেখেছিলেন। এই ক্লাব মূলত মেসির পারিবারিক ক্লাব। ক্লাবটির সভাপতি তাঁর বড় ভাই মাতিয়াস মেসি।

মেসি কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মায়ামির পরের ম্যাচে প্রতিপক্ষ কলম্বাস। নু স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে মায়ামি-কলম্বাস এমএলএসের এই ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত