Ajker Patrika

জেনে নিন বাংলাদেশ-ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫০
জেনে নিন বাংলাদেশ-ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ-ব্রাজিল। ছবি: সংগৃহীত

১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ। যেটাকে অনেকে বলেন আন্তর্জাতিক বিরতিও। এ সময় ক্লাব ফুটবল বন্ধ থাকে। ফুটবলাররা নিজ নিজ দলের হয়ে খেলতে ব্যস্ত থাকেন। এবারের এই বিরতিতে হামজা চৌধুরী-লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্স উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-সান দিয়েগো ম্যাচ হলেও যুক্তরাষ্ট্রের হিসেবে সেটা গতকাল রাতে। এবার মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামবেন ৬ অক্টোবর। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ বেনিন। তবে আর্জেন্টিনা যে কেবল এই ম্যাচই খেলবে তা নয়। ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর আলবিসেলেস্তেরা খেলবে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে।

হামজা-জামাল ভূঁইয়ারা ব্যস্ত থাকবেন প্রথমবারের মতো হতে যাওয়া আসিয়ান কাপে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই তাঁরা খেলবেন ইন্দোনেশিয়ায়। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর হামজাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলতে নামবে টমাস ডুলির দল। ১ অক্টোবর হবে বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ।

প্রথমবারের মতো হতে যাওয়া আসিয়ান কাপে গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশ সবার পেছনে। ইন্দোনেশিয়া অবস্থান করছে ১১৮ নম্বরে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের অবস্থান ১৩৬ ও ১৪৮ নম্বরে। বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে।

আজ থেকে শুরু ফিফা উইন্ডো শেষ ৬ অক্টোবর। এই ফিফা উইন্ডোতে বাংলাদেশ-আর্জেন্টিনার মতো ব্রাজিলও খেলবে তিন ম্যাচ। যার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম, ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ২৫ ও ২৯ সেপ্টেম্বর হবে ব্রাজিল-অস্ট্রেলিয়া দুটি ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচটাও কার্লো আনচেলত্তির দলের জন্য অ্যাওয়ে ম্যাচ। ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে হবে ভারত-ব্রাজিল ম্যাচ। ফুটবল ইতিহাসে এবারই প্রথম হচ্ছে ভারত-ব্রাজিল ম্যাচ।

আসিয়ান কাপে বাংলাদেশের সূচি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস
আসিয়ান কাপে বাংলাদেশের সূচি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনা দল থেকে গত ৩১ আগস্ট অবসরের ঘোষণা দিয়েছেন। তবে যে ভক্ত-সমর্থকদের দীর্ঘ ২১ বছর মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন তিনি, সেটা তো চাইলেও ভুলে থাকা সম্ভব নয়। ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন। ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচ খেললেও বিশ্বজয়ী ফুটবলার খেলবেন কেবল এক ম্যাচ।

মায়ামির নু স্টেডিয়ামে আজ ২৪ মিনিটে জাদুকরী ফ্রি কিকে মেসি তাঁর ক্যারিয়ারের ৯৩০তম গোল করেন। তবে তাঁর এই গোলও জেতাতে পারেনি ইন্টার মায়ামিতে। মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-সান দিয়েগো ২-২ গোলে ড্র হয়েছে। মায়ামির অপর গোল করেন লুইস সুয়ারেজ। সান দিয়েগোর দুটি গোলই করেন অ্যান্ডার্স ডেয়ার।

২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিনে মায়ামি। নিউ ইংল্যান্ডেরও ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। সবার ওপরে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৫৭। তারাও খেলেছে ২৬ ম্যাচ।

ফিফা উইন্ডোতে ব্রাজিলের ম্যাচ
তারিখপ্রতিপক্ষ
২৫ সেপ্টেম্বরঅস্ট্রেলিয়া
২৯ সেপ্টেম্বরঅস্ট্রেলিয়া
২ অক্টোবরভারত
ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার ম্যাচ
তারিখপ্রতিপক্ষ
৩০ সেপ্টেম্বরবলিভিয়া
৩ অক্টোবরবুরকিনা ফাসো
৬ অক্টোবরবেনিন
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত