Ajker Patrika

‘মানসিক অশান্তি’ থেকে অবশেষে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১২
‘মানসিক অশান্তি’ থেকে অবশেষে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার
২০২৬ সিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের শাদাব খান। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলকে তো এমনি এমনি ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয় না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক-কোচ পরিবর্তন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরেও রদবদল হয় হুটহাট করেই। এ কারণেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চান না বলে কদিন আগে উল্লেখ করেছিলেন শাদাব খান। এবার অল্প সময়েই বদলে গেল তাঁর জীবন।

বাংলাদেশ সময় আজ সকালে ব্রিজটাউনে অনুষ্ঠিত ফাইনালে জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। অলরাউন্ড পারফরম্যান্সে শাদাব হয়েছেন টুর্নামেন্টসেরা। তাঁর মতে মানসিক প্রশান্তিই নিজের সেরাটা দিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘ব্যাটিংয়ে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেকারণেই মানসিক শান্তি নিয়ে খেলতে পেরেছি। বেশিরভাগ সময় ইনিংসের শেষের ওভারগুলোতে ব্যাটিং করতে হয়েছিল। আমিও সেভাবেই নিজের মানসিকতা তৈরি করে নিয়েছিলাম।’

৯ ম্যাচে ৬ ইনিংস ব্যাটিং করে শাদাব ১৩২ রান করেছেন। সদ্য সমাপ্ত সিপিএলে তিনি সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় রয়েছেন ৩৩ নম্বরে। কিন্তু পরিসংখ্যানটা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যাবে তাঁর ইমপ্যাক্ট। ৬৬ গড় ও ২২৭.৫৮ স্ট্রাইকরেটে খেলেছেন তিনি। রয়েছে একটা ফিফটিও।

অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস স্বাধীনভাবে খেলতে দিয়েছিল বলেই এমন দুর্দান্ত খেলতে পেরেছেন বলে মনে করেন শাদাব। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘আপনি যখন মানসিকভাবে স্বাধীন থাকবেন, নিজের মতো খেলবেন, তখন ব্যর্থতাও আসবে। সেটা মেনে নিতে হবে। কিন্তু যখন মুক্তভাবে খেলবেন, তখন বেশিরভাগ সময়ই সফল হবেন।’

ইমপ্যাক্টফুল ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ১১ উইকেট নিয়েছেন শাদাব। বোলিং করেছেন ৪.৮৯ ইকোনমিতে। যার মধ্যে গত শুক্রবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে করেন হ্যাটট্রিক। নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে ২৭ বছর বয়সী লেগস্পিনার বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। যে ভেন্যুতেই বোলিং করি, উইকেট নিতে চেষ্টা করি। বোলিংটা তাই ভালো হয়েছে। কারণ, গত কয়েক বছর ধরে বোলিং নিয়ে সংগ্রাম করছিলাম। ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতে এমন পারফরম্যান্স দরকার ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত