Ajker Patrika

ক্রিকেটে ভারত-পাকিস্তান ‘শত্রু’, ফুটবলে বন্ধুত্বের আবহ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩: ৩০
ক্রিকেটে ভারত-পাকিস্তান ‘শত্রু’, ফুটবলে বন্ধুত্বের আবহ
পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ সাফের শিরোপা জিতেছে ভারত। ছবি: আজকের পত্রিকা

ম্যাচ শেষে করমর্দন, চ্যাম্পিয়ন দলকে গার্ড অব অনার দেওয়া—ভারত-পাকিস্তান ম্যাচে এমন ঘটনা খুবই বিরল। বিশেষ করে ক্রিকেটে তো দেখাই যায় না। রাজনৈতিক বৈরিতার ছাপ পড়ে খেলাতেও। কিন্তু গতকাল ভারত-পাকিস্তান সাফ ফুটবলের ফাইনালে দেখা গেল উল্টো চিত্র। বৈরিতা ভুলে স্থাপন করল অনন্য এক নজির।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে গতকাল ভারত-পাকিস্তান সাফ ফাইনালের পর যা দেখা গেল, তাতেই ক্রিকেট আর ফুটবলের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ১০০-এর বেশি দল আইসিসির মর্যাদা (সহযোগী দেশ) পেলেও টেস্ট খেলে কেবল ১২টা। পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে শুধু ১২ দল। এই অল্প দলের মধ্যে ভারত আবার সবচেয়ে বড় মোড়ল। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তিন ‘মোড়ল’ নামে পরিচিতি পেলেও আসল হর্তাকর্তা ভারতই। ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারত ক্রিকেটে যেমন অনেক বিনিয়োগ করে থাকে, তেমনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) লভ্যাংশও বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় (আইসিসি) তাই ভারতেরই আধিপত্য। আইসিসিকে তাই ব্যঙ্গ করে অনেক 'ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল'ও বলে থাকেন! ২০২৪ থেকে শুরু করে এখনো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন ভারতের ক্ষমতাসীন দলের সবচেয়ে প্রভাবশালী অমিত শাহর ছেলে জয় শাহ। কদিন আগে ফের জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চ্যাম্পিয়ন ভারতকে গার্ড অব অনার দিয়েছে পাকিস্তান। ছবি: আজকের পত্রিকা
চ্যাম্পিয়ন ভারতকে গার্ড অব অনার দিয়েছে পাকিস্তান। ছবি: আজকের পত্রিকা

নানা কারণে মাঠের ক্রিকেটে রাজনৈতিক বিষয়গুলো মুখ্য হয়ে উঠছে। টস কিংবা ম্যাচের পর দুই দলের অধিনায়ক, খেলোয়াড়েরা একে অন্যের সঙ্গে করমর্দন করেন না। পাকিস্তানকে ব্যঙ্গ করে নানারকম উদযাপনও করে ভারত।

রাজনৈতিক শত্রুতার কারণে ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ২০১৩ সাল থেকে। এমনকি দুই দেশ আগামী ২০২৭ পর্যন্ত যেসব আইসিসি টুর্নামেন্টের আয়োজক, সেখানে এক দল অন্য দেশে যাবে না। একারণেই চলে আসে ‘হাইব্রিড মডেলে’র প্রসঙ্গ। নিরপেক্ষ ভেন্যুতেও দেখা যায় বৈরিতার ছাপ। দুবাইয়ে ২০২৫ এশিয়া কাপের সময় ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা হাত তো মেলাননি। এমনকি সূর্যকুমার যাদব, অভিষেক শর্মারা ট্রফি ছাড়াই উদযাপন করেছিলেন। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি একজন পাকিস্তানি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজনৈতিক মদদপুষ্ট ব্যক্তিরা ক্রিকেট প্রশাসনের দায়িত্বে থাকায় ভারত-পাকিস্তানের খেলায় খেলোয়াড়ি চেতনা হারিয়ে যায়। আসল সৌন্দর্যটাই নষ্ট হয়।

ক্রিকেটে ভারত যাই করুক, ফুটবলে সেটার সুযোগ কম। কারণ, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বা মহাদেশীয় সংস্থা এএফসি সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এ কারণে ২০২৫ সালের আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা থাকলেও গত দুই বছরে ভারতীয় ক্রিকেট বোর্ড দফায় দফায় সেটা পেছাচ্ছে। অথচ এই সময়ে দুইবার ভারতীয় ফুটবল দল বাংলাদেশ সফর করেছে। গত বছর জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এবার ভারত ঢাকায় তাদের দ্বিতীয় সারির দল নিয়ে এসেও রেকর্ড ১০বার সাফ জিতে নিল।

২০২৬ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ফুটবল দলের উদযাপন। ছবি: আজকের পত্রিকা
২০২৬ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ফুটবল দলের উদযাপন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশও স্বাগতিক হিসেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপকে দারুণ আতিথেয়তা দিয়েছে। হামজা চৌধুরী-শমিত সোম-ফারহান আলী ওয়াহিদরা দলকে ফাইনালে তুলতে না পারায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা কাজ করেছে। তবে গতকাল ভারত-পাকিস্তান ফাইনালে প্রায় ১০ হাজার দর্শক দেখা গেছে। সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা গেছে ভারত-পাকিস্তানের ফাইনাল শেষে। দুই দল একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে। গার্ড অব অনার দিয়েছে। ক্রিকেটে যে 'শত্রুতা', ফুটবলে দুই দল খেলেছে একেবারে বন্ধুত্বের আবহে। মাঠের বাইরের বৈরিতা অন্তত ফুটবলে আসে না।

ফুটবল এ কারণে যতটা বৈশ্বিক ও গণতান্ত্রিক খেলা হতে পেরেছে, ক্রিকেট ততটা নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত