ক্রিকেটে যা দেখাই যায় না, ঢাকার ভারত-পাকিস্তান সাফে দেখা গেল সেটাই

মাঠের উত্তাপ তখনো পুরোপুরি থিতু হয়নি। ৯০ মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াই, লাল কার্ড আর শেষ মুহূর্তের গোলের রোমাঞ্চ শেষে জাতীয় স্টেডিয়ামে তখন পুরস্কার বিতরণীর আয়োজন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই মানেই বাড়তি ঝাঁজ, বাড়তি উত্তেজনা। কিন্তু ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চের সামনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য—যা ছাপিয়ে গেল মাঠের সব প্রতিদ্বন্দ্বিতাকেও। রানার্সআপ ট্রফি নিতে মঞ্চে যাওয়া পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাল চ্যাম্পিয়ন ভারত! পরে ভারতীয় দলকে গার্ড অব অনার দেয় পাকিস্তানও। ক্রিকেটে যা দেখাই যায় না, এবার সাফ ফাইনালে দেখা গেল সেটাই
প্রথমার্ধে পিছিয়ে পড়েও ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে আজ মঙ্গলবার রাতে শুধু মূল ট্রফিই নয়, টুর্নামেন্টের ব্যক্তিগত সব পুরস্কারও নিজেদের ঝুলিতে পুরেছে ‘ব্লু টাইগারা’রা। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতে নিয়েছেন ভারতের দুই ফুটবলার।
আসরের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন ভারতের আর্শ শেখ। পুরো টুর্নামেন্টের পাশাপাশি আজ ফাইনালেও পাকিস্তানের একের পর এক আক্রমণ রুখে দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে প্রথমার্ধে পাকিস্তান যখন ভারতীয় রক্ষণে ঝড় তুলেছিল, তখন আর্শের দারুণ কয়েকটি সেভই ম্যাচে টিকিয়ে রাখে ভারতকে।
বাকি দুটি বড় পুরস্কারই উঠেছে ফরোয়ার্ড সুহেইল ভাটের হাতে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ গোল করে জিতেছেন সেরা গোলদাতার পুরস্কার, আর পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের ট্রফিও গেছে তাঁরই দখলে। ফাইনালেও দলের পিছিয়ে পড়া মুহূর্তে ৬০ মিনিটে গুরুত্বপূর্ণ সমতাসূচক গোলটি এসেছিল সুহেইলের পা থেকেই। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া ও মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেন তিনি।
মাঠের ফুটবলে দাপট দেখিয়ে শিরোপা ও ব্যক্তিগত সব পুরস্কার তো বটেই, ম্যাচ শেষে পাকিস্তানকে গার্ড অব অনার দিয়ে খেলোয়াড়সুলভ মানসিকতাতেও অনন্য উদাহরণ সৃষ্টি করল ভারত–পাকিস্তান। রানার্সআপ হয়ে পাকিস্তান প্রাইজমানি পেয়েছে ১৫ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা)। আর ভারত বাগিয়ে নিয়েছে ৪০ হাজার ডলার (প্রায় ৫০ লাখ টাকা)।









