Ajker Patrika

জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা দলে চোটের হানা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুন ২০২৬, ২১: ৪৪
জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা দলে চোটের হানা
গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৮ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান। তার আগে চোট পেয়েছেন রোমেরো। ছবি: সংগৃহীত

অস্ট্রিয়াকে হারিয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে নকআউটের টিকিট কেটেছে আর্জেন্টিনা। একই সঙ্গে গ্রুপসেরা হয়ে পরের পর্বে খেলা নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে তাদের ম্যাচটি এখন তাই কেবল আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। সে ম্যাচের আগে আর্জেন্টিনা দলে চোট হানা দিয়েছে।

লিওনেল মেসির জোড়া গোলে ভর করে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সে ম্যাচে শুরুর একাদশে থাকলেও হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্রিস্তিয়ান রোমেরো। জর্ডানের বিপক্ষে ২৮ জুন হতে যাওয়া ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।

ডালাসে ম্যাচের দ্বিতীয়ার্ধে ডান হাঁটুতে চোট পান রোমেরো। চিন্তার বিষয় হলো, টটেনহাম হটস্পারের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচেও একই হাঁটুতে চোট পেয়েছিলেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। আতঙ্কের মাঝেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোমেরোর চোট গুরুতর নয়। বদলি হওয়ার সময় তাঁকে বেঞ্চে বসে আক্রান্ত স্থানে বরফ দেওয়া অবস্থায় দেখা যায়। অতিরিক্ত ঝুঁকি এড়াতেই রোমেরোকে মাঠ থেকে তুলে নেন লিওনেল স্কালোনি।

চোটের অবস্থা জানতে শিগগির পরীক্ষা করাবেন রোমেরো। তবে নিজের চোট নিয়ে স্বস্তির কথাও শুনিয়েছেন তিনি। মাঠে ফেরার সম্ভাব্য সময়ের কথাও জানিয়ে দিলেন তারকা ফুটবলার। রোমেরো বলেন, ‘আমি জানতাম এটা (চোট) হতে পারে। আমি তিন বা চার দিনের মধ্যে ফিরে আসব।’

এর আগে রোমেরোর চোট নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘চোট কতটা গুরুতর, সেটা আমরা এখনো বলতে পারছি না। তবে এটা এমন একটি সমস্যা, যেটা নিয়ে সে আগেও ভুগেছে। আশা করি, গুরুতর কিছু হবে না। শুধু সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, একজন ফুটবলারের জন্যও এমন কিছু দেখতে ভালো লাগে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত