Ajker Patrika

রোনানদের সতীর্থ হচ্ছেন আরও দুই প্রবাসী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২০: ১০
রোনানদের সতীর্থ হচ্ছেন আরও দুই প্রবাসী
অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর বাংলাদেশের লক্ষ্য এখন এশিয়ান মঞ্চে জায়গা করে নেওয়া। তাই দলের শক্তিমত্তা বাড়াতে প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বাফুফে। সেই ধারাবাহিকতায় এবার যোগ দিতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী দুই ফুটবলার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তা নিশ্চিত করেন ফাহাদ করিম।

আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে বলেছে যে, আগস্টের শেষে যে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই হবে, সেই ক্যাম্পে তারা তাকে চায়।’ ১৯ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাসের ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল ও বার্নলি অনূর্ধ্ব–১৮ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।

সেন্টারব্যাক জিদান ইউসুফ সম্পর্কে ফাহাদ করিম বলেন, ‘জিদানের পাসপোর্টের কাজ সব শেষ। আমরা তাকে অনূর্ধ্ব-২০ ক্যাম্পে ডাকব—তাকে তা আমরা বলে দিয়েছি।আমি বিশ্বাস করি, আমাদের এখন একটা খুব ভালো অনূর্ধ্ব-২০ দল আছে, সেখানে অ্যাডাম এবং জিদানের যুক্ত হওয়া আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’ ১৮ বছর বয়সী ও ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ইংলিশ ক্লাব ওয়ালটন এন্ড হেরস্যাম এফসির মূল দলে খেলছেন।

চলতি মাসের শুরুতে ভারতকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব–২০ সাফের শিরোপা জেতে বাংলাদেশ। টুর্নামেন্টে জোড়া গোলসহ টাইব্রেকারে পানেনকা শটে বাংলাদেশের জয় নিশ্চিত করেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। তাঁর যমজ ভাই ডেক্লান সুলিভানও আছেন এই দলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত