
বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা লড়াই এখন তুঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থাকা বসুন্ধরা কিংসের একচ্ছত্র আধিপত্যে এবার বড়সড় হানা দিল আবাহনী লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়কে রোমাঞ্চকর পর্যায়ে নিয়ে গেছে মারুফুল হকের দল। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা সমান ২৮ পয়েন্ট নিয়ে এখন কিংসের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে আকাশি-নীলরা।
সমান পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল ফর্টিস-আবাহনী। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর দর্শকেরা ঠিকমতো বসার আগেই ঘটে যায় ব্যবধান। ঘড়ির কাঁটায় তখন মাত্র ৩৩ সেকেন্ড। কিক-অফের পর প্রথম আক্রমণেই ডান দিক থেকে বক্সে ক্রস বাড়ান আবাহনীর মিরাজুল ইসলাম। খুব একটা গতি না থাকা সেই বলের লাইনেই ছিলেন ফর্টিস গোলরক্ষক সুজন পেরেইরা। কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় মিঠু চৌধুরী হঠাৎ তালগোল পাকিয়ে ফেলেন। সুজন বলটি ধরতে চাইলেও মিঠু তা ক্লিয়ার করার নেশায় দ্রুত ছুটে যান। যার ফলাফল হয় ভয়াবহ। বল তাঁর পায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায়। মাত্র ৩৩ সেকেন্ডের এই আত্মঘাতী গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
শুরুতেই গোল খেয়ে কিছুটা দিশেহারা হয়ে পড়লেও ম্যাচে ফেরার চেষ্টা করে ফর্টিস। গোল শোধের জন্য আবাহনীর রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৪২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেন গাম্বিয়ান মিডফিল্ডার ইসা জালো। দাওয়া শেরিংয়ের নিখুঁত ক্রসে গোলরক্ষক মিতুল মারমা পরাস্ত হলেও একদম ফাঁকা পোস্টে হেডে বল মারেন বারের ওপর দিয়ে। এর মিনিটখানেক পরই নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোরের শট আবাহনী ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে গেলে হতাশ হতে হয় ফর্টিস সমর্থকদের।
দ্বিতীয়ার্ধে আবাহনী মূলত তাদের লিড ধরে রাখার কৌশলে খেলেছে। ফর্টিসের আক্রমণ সামলাতে রক্ষণভাগ ছিল জমাট। ৬৬ মিনিটে ইসা জালোর একটি বিপজ্জনক ফ্রি-কিক দক্ষতার সঙ্গে রুখে দেন মিতুল। ম্যাচের শেষ দিকে খেলা কিছুটা গতি হারালেও উত্তাপ কমেনি। ৭৯ মিনিটে একটি কর্নার প্রতিহত করতে গিয়ে গোলরক্ষক মিতুল আঘাত পেলেও প্রাথমিক চিকিৎসার পর পুনরায় লড়াইয়ে ফেরেন। অতিরিক্ত সময়ে ওকাফোর শেষ সুযোগটি নষ্ট করলে স্বস্তির জয় নিশ্চিত হয় আবাহনীর।
এই জয়ে ১৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ এখন ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। আবাহনীর এই জয় লিগের আসন্ন ম্যাচগুলোতে বসুন্ধরা কিংসকে নিশ্চিতভাবে প্রবল চাপে রাখবে। আগামীকাল ঘরের মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে টেবিল টপাররা। এই হারে ২৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা ফর্টিসের জন্য শিরোপা জয়ের রাস্তা অনেকটা কঠিন হয়ে পড়ল।
দিনের আরেক ম্যাচে চমক দেখিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। মানিকগঞ্জে ৪৬ মিনিটে কিজিতো কাওয়ামের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এসে অবনমন অঞ্চল থেকে কিছুটা স্বস্তিতে ফিরল আরামবাগ। ১৯ পয়েন্টে থাকা রহমতগঞ্জের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া এখন প্রায় নিশ্চিত।

লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে এক রকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও
৪৩ মিনিট আগে
বর্তমান সময়ে দেশের ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালের আজকের এই দিনে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন কাটার মাস্টার। দেখতে দেখতেই দেশের জার্সিতে ১১ বছর পর করে দিলেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক যুগ কাটিয়ে তৃপ্ত মোস্তাফিজ।
২ ঘণ্টা আগে
ওয়ানডে ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তানজিদ হাসান তামিমের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে একাই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। প্রথমবার এককভাবে সিরিজসেরা হওয়ার দিনে এই পেসারের সঙ্গী হয়েছে চ
৩ ঘণ্টা আগে
অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। প্যাটেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে