
নিউজার্সির মিঠে বিকেলে মাঠের দুই প্রান্তে একই সঙ্গে দুটি দৃশ্য দেখা গেল। এক প্রান্তে লিওনেল মেসি বসে আছেন, চোখে তাঁর অশ্রুর ধারা। প্রিয় সতীর্থ ‘দিবু’ মার্তিনেস একবার ওঠানোর চেষ্টা করলেন, মেসির যেন ওঠার শক্তিও নেই। মানসিকভাবে বিধ্বস্ত মেসি বসেই রইলেন। আরেক প্রান্তে লামিনে ইয়ামাল, মাঠেই শুয়ে পড়েছেন। খানিক পরে উঠে বসলেন। চোখ মুছলেন। ইয়ামালের চোখেও অশ্রু। মেসির চোখে জল শিরোপা ধরে রাখতে না পারার যাতনায়, ইয়ামালের সেটি জয় করার আনন্দে।
দৃশ্যটা ফুটবলে এক বড় বাঁকবদলের ছবি বলা যায়; যেখানে ইয়ামালের শুরু, মেসির হলো সারা। কে জানত, ১৮ বছর আগে তোলা সেই আলোচিত ছবির দুই চরিত্রকে এভাবে দেখা যাবে নিউজার্সি স্টেডিয়ামে।
দেড় মাসের বিশ্বকাপ-যাত্রায় এই প্রতিবেদকের তুলনামূলক সবচেয়ে বেশি কাভার করা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল দলকে। বাংলাদেশের বেশির ভাগ পাঠক-দর্শক যেহেতু এই দুই দলের গল্পই বেশি দেখতে-জানতে চান। ব্রাজিল টুর্নামেন্টের একটু আগেভাগে বিদায় নেওয়ায় মনোযোগের কেন্দ্রে এসে যায় আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা মানেই মেসি। মেসি কীভাবে অনুশীলন করেন, ওয়ার্মআপ করেন, সতীর্থদের সঙ্গে মেশেন, ম্যাচের পর মিক্সড জোনে কীভাবে নিজের প্রতিক্রিয়া জানান, সংবাদমাধ্যমকে সামলান, ম্যাচের আগে কী করেন আর ম্যাচে তাঁর জাদু—সবই দেখা হয়েছে সচক্ষে, সূক্ষ্মভাবে।

মেসিকে যত দেখা হয়, ততই মুগ্ধ হতে হয়। এত বড় তারকা, যাঁর ক্যারিয়ারে এত এত সাফল্য—একজন খেলোয়াড় সম্ভাব্য যা যা জিততে চান, সবই জিতেছেন, অথচ তাঁর চলন-বলন কত সাধারণ। মেসিকে দেখার জন্য আকুল আসলে বেশির ভাগ ফুটবলপ্রেমীই। যেখানেই তাঁর উপস্থিতি, সব আলো যেন আর্জেন্টাইন জাদুকরের দিকেই। আধুনিক ফুটবলে একক ব্যক্তিকে ঘিরে কোনো দল চলে না—এ ধারণা কাজ করে না আর্জেন্টিনা দলে। তাদের কাছে মেসিই সব। বিষয়টি এমন, মেসি খেলেন আর্জেন্টিনার জন্য, আর আর্জেন্টিনা দল খেলে মেসির মুখে হাসি ফোটাতে। এই মন্ত্রে, এই সূত্রেই আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জিতেছিল। ২০২৬ বিশ্বকাপে উঠে গিয়েছিল ফাইনালে।
নকআউট পর্বে একাধিক অবিশ্বাস্য প্রত্যাবর্তনে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দিলেও শিরোপার লড়াইয়ে দেখা গেল না দুর্দান্ত আর্জেন্টিনাকে, দেখা গেল না আর মেসি জাদু। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কঠিন ছকে স্প্যানিশ দল প্রায় পুরোটা সময় বোতলবন্দী করে রেখেছিল মেসিকে। বল না এলে যেটা হয়, অধিকাংশ সময় মেসি হেঁটে বেড়িয়েছেন। স্পেনের সাঁড়াশি আক্রমণের বিপরীতে আর্জেন্টিনার ‘লো ব্লক ট্রানজিশন টু অ্যাটাক’ কৌশলও কাজে দেয়নি ফাইনালে। ফাইনালের পুরোটা সময় মনে হলো, একটি দলই শিরোপা জিততে খেলছে—স্পেন। ম্যাচের গতি, ছন্দ ও নিয়ন্ত্রণ—পুরোটা সময় ছিল স্পেনের হাতেই। আর্জেন্টিনা শুধু দৌড়েছে।
ম্যাচ শেষে যখন শিরোপার মঞ্চ তৈরি, জয়ী দল স্পেনের খেলোয়াড়েরা দুই সারিতে দাঁড়ালেন। তাঁদের মাঝে নত শিরে হেঁটে পোডিয়ামে উঠল আর্জেন্টিনা দল। সবার সামনে মেসি। পেছনে তাঁর সতীর্থরা। মঞ্চে রানার্সআপের মেডেল নিয়ে তাঁরা চলে গেলেন আর্জেন্টিনা-সমর্থকে পূর্ণ গ্যালারিটার সামনে। দর্শকেরা যেভাবে তাঁদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসেন, তাঁদের কী জবাব দেবেন মেসিরা। পুরো আর্জেন্টিনা দল নির্লিপ্ত, ঠায় দাঁড়িয়ে রইলেন দর্শকের দিকে তাকিয়ে। আকাশি-সাদার সমুদ্র আরেকবার গর্জে উঠল নিউজার্সিতে। মেসি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েই রইলেন, ক্যামেরা তাক করল তাঁর মুখের দিকে। মেসির চোখে জল ছলছল। কত সাফল্য তাঁর, এই বিশ্বকাপ তো তিনিও জিতেছেন। ৪ বছরের মধ্যে টানা তিনটি বড় শিরোপা (একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা) জিতেছেন। ক্লাব ফুটবলে ভূরি ভূরি সাফল্য। তবু কাঁদছেন কেন মেসি? তাঁর শেষের গানটা যে হলো বড় বিষাদময়।
মেসির শেষের শুরু যখন ব্যর্থতায়, তখন ফুটবল পৃথিবীতে যেন নতুন মহাতারকার আগমন—লামিনে ইয়ামাল। ম্যাচ শেষে ইয়ামালকে বুকে আলিঙ্গন করলেন মেসি। শিরোপা হারিয়ে মেসি যখন কাঁদছেন; সেটাই জিতে ইয়ামাল নাচছেন, গাইছেন। আনন্দে মেতে উঠছেন।
বিশ্বকাপ তো এমনই, আনন্দ-বেদনার এক অনবদ্য কাব্য।

ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের আক্ষেপ, এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে আসেনি।
৯ মিনিট আগে
তহবিলের অপব্যবহার ও আর্থিক অনিয়মের দায়ে দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
১ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের দাবিটা জোরালোভাবেই তুলে ধরলেন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন ফরাসি তারকা। সব মিলিয়ে এ বছর নিজের পারফরম্যান্সকে ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট মনে করছেন তিনি।
১ ঘণ্টা আগে
ফুটবলে লাল ও হলুদ কার্ডের সঙ্গে এবার যুক্ত হলো ব্ল্যাক কার্ড। তবে এটি খেলোয়াড়দের জন্য নয়; যুব ফুটবলের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে এই কার্ড চালু করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে