স্যান্ডপেপার-কাণ্ডে নতুন বিতর্ক, খাজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স

২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন, খাজার এমন দাবি সরাসরি নাকচ করেছেন তিনি।
চলতি সপ্তাহে প্রকাশিত আত্মজীবনীতে পুরোনো সেই বিতর্ক নতুন করে সামনে এনেছেন সদ্য অবসর নেওয়া খাজা। তাঁর দাবি, বলের সুইং বাড়াতে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি কামিন্সও বিষয়টি জানতেন বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার বক্তব্যের কড়া জবাব দেন কামিন্স। তিনি বলেন, ‘উসমান যখন বলছে, আমরা সবাই বিষয়টি জানতাম, তখন সে যদি বোঝাতে চায় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সে ১০০ শতাংশ ভুল বলছে। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’
খাজার অভিযোগের আরও একটি দিক নিয়ে আপত্তি তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের দাবি, তাঁকে বল টেম্পারিংয়ের পরিকল্পনার অন্যতম কারিগর হিসেবে তুলে ধরেছেন খাজা, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
কামিন্স বলেন, ‘সে দাবি করেছে, আমি এবং অন্যরা স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলাম। এটা পুরোপুরি ভিত্তিহীন ও সম্পূর্ণ বাজে কথা।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা প্রকাশ্যে আসে। তবে খাজার দাবি, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অবশ্য বলা হয়েছিল, পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকেই দেশে ফেরত পাঠানো হয় এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়।
খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার। তবে সে সময়ের প্রধান কোচ ড্যারেন লেম্যান ও ব্যাটিং কোচ গ্রায়েম হিক অভিযোগ অস্বীকার করেছেন। হিক খাজার দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন। মিচেল স্টার্কও জানিয়েছেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না।
খাজার অভিযোগ প্রকাশের ধরন নিয়েও অসন্তোষ জানিয়েছেন কামিন্স। তাঁর মতে, এত বছর পর এমন গুরুতর অভিযোগ তোলার ক্ষেত্রে খাজা দায়িত্বশীল আচরণ করেননি।
কামিন্স বলেন, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুর জীবন ও সুনামের বিষয় নিয়ে আরেক বন্ধু হালকাভাবে কথা বলতে পারে না। নিজের বইয়ে সে আমার এবং আরও অনেকের জীবন ও সুনামের বিষয়টি হালকাভাবে নিয়েছে। আমার মনে হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সঙ্গেও সে একই কাজ করেছে।’









