
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট। এভাবে তাড়াতাড়ি টেস্ট শেষ হওয়াটা মানতে পারছেন না অনেকেই। বিশেষ করে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো এই টেস্ট শেষের পর বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘দ্য অস্ট্রেলিয়ান ডট কম’ লিখেছে, ‘দুই দিনের টেস্ট বন্ধ করতেই হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে।’ সংবাদমাধ্যমটি আরেক প্রতিবেদন প্রকাশ করেছে এই শিরোনামে, ‘পাঁচ দিনের ক্রিকেটের মৃত্যু। যেভাবে সংক্ষিপ্ততম টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে।’
ম্যাকাইতে এর আগে ওয়ানডে হলেও এবারই প্রথমবারের মতো টেস্ট হয়েছে। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশের পরই মাত্র দুই দিনে শেষ হয়ে গেল ম্যাচটি। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে ২৮ ম্যাচের ফল এসেছে দুই দিনে। যার মধ্যে সবশেষ ৯ মাসেই অস্ট্রেলিয়ার ৩ টেস্ট দুই দিনে শেষ হয়েছে।
৭৫০ বলে শেষ হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সবচেয়ে কম বলে ফল হওয়া টেস্টগুলোর মধ্যে চতুর্থ সর্বনিম্ন। ‘৯ মাসে অস্ট্রেলিয়ার ৩ টেস্ট শেষ দুই দিনেই। ক্রিকেটের জন্য এটা ক্ষতিকর’—অজিদের ইনিংস ও ৫১ রানে জয়ের পর সিডনি মর্নিং হেরাল্ড এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের ভেতরে সংবাদমাধ্যমটি একটা দৃশ্যপট তুলে ধরেছে। সেখানে লেখা, ‘দ্বিতীয় দিনের খেলা শেষের ১০ মিনিট আগেও ম্যাকাইতে ক্রিকেট হচ্ছিল। তবে সেটা টেস্ট নয়। হ্যারাপ পার্কের জেনারেল ম্যানেজার ও তাঁর কর্মীরা একটা ক্রিকেট ম্যাচ খেলছিলেন। যেটা শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে কম সময়ে শেষ হওয়া টেস্টগুলোর একটিতে পরিণত হয়েছে।’
প্রত্যেক ২৫ বল পরপর উইকেট পড়েছে ম্যাকাইতে সদ্য সমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে। যার মধ্যে গত পরশু প্রথম দিনে পড়েছে ১৮ উইকেট। যদিও ম্যাকাই টেস্টের পিচ নিয়ে কোনো রেটিং দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে উপমহাদেশের উইকেট হলে বেশির ভাগ সময় অসন্তোষজনক রেটিং দেওয়ার পাশাপাশি দেওয়া হয় ডিমেরিট পয়েন্টও। এমনকি পিচ ব্যাটিংবান্ধব হলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেয় অসন্তোষজনক রেটিং।
গতকাল মাত্র দুই দিনে ম্যাকাই টেস্ট শেষে নাজমুল হোসেন শান্ত যখন সংবাদ সম্মেলনে আসেন, তাঁর কাছে এসেছে ম্যাকাইয়ের পিচ নিয়ে প্রশ্ন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আপনারাও একটু মনে রাইখেন, আমরাও মনে রাখলাম। সাধারণত যখন উপমহাদেশে খেলি, এক দিনে ১৮-১৯ উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়। একটা কথা বলতে চাই। যখন আমরা উপমহাদেশে খেলব, তখন যেন এই জিনিসগুলো ভুলে না যাই।’
ম্যাকাইতে ভরাডুবির পরও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর শান্তর দলের সফলতার হার এখন ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০।

কখনো দক্ষিণ আফ্রিকা, কখনো অস্ট্রেলিয়া—ডারবানে প্রথম টেস্টের গতিপথ পাল্টাচ্ছে এভাবেই। দ্বিতীয়ার্ধের একটা পর্যায় অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে অজিরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
১০ মিনিট আগে
ডারউইনের স্মৃতি এখনো সতেজ। গত আগস্টে যে ডারউইনে যাঁর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার জয় পেয়েছিল বাংলাদেশ; দ্যুতি ছড়ানো সেই হাসান মাহমুদকে দেখা গেল কাল মরুতেও। আবুধাবি টেস্টের তৃতীয় দিনের দুপুরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক স্পেলে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে শুধু টেস্টে হ্যাটট্রিকই কর
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি নাহিদ রানাকে। সতর্কতাবশতই তাঁকে আবুধাবি টেস্টের দলে রাখা হয়নি। এবার তাঁকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের গতিতারকার খেলাই হচ্ছে না আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরি
১ ঘণ্টা আগে
কাভার ড্রাইভ করার লক্ষ্যেই সামনের পা এগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফগানিস্তানের লেগস্পিনার কায়েস আহমেদের ভেতরে ঢোকা বল শান্ত কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় স্টাম্প। যখন আউট হয়েছেন, তাঁর চোখে-মুখে দেখা গেছে হতাশা। এমনকি ডাগআউটেও বাংলাদেশ অধিনায়কের হতাশার চেহারাই ফুটে উঠেছে।
৩ ঘণ্টা আগে