
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘এই দুই দিনে অনেক কিছু আমাদের পক্ষে গেছে। আর গত সপ্তাহে অনেক কিছুই বিপক্ষে গিয়েছিল। আমাদের ঘুরে দাঁড়ানো দরকার ছিল এবং ছেলেরা দারুণভাবে সেটি করেছে।’
ম্যাকাইয়ের পিচ নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই অস্ট্রেলিয়া অধিনায়কের। এত দ্রুত ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো উইকেট এটি ছিল না বলে মনে করেন তিনি। কামিন্স মনে করেন, দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে দুই দলের ব্যাটিংয়ের মানও ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রেখেছে। তাঁর ভাষায়, ‘পিচটা বেশ ভালো ছিল। ৩০ উইকেট পড়ার মতো ৫ সেশনের টেস্ট ম্যাচ বলে মনে হয়নি। কিছু দারুণ বোলিং ছিল। আবার কিছু ব্যাটিং গড়পড়তা মানের নিচে ছিল। আমিও এর মধ্যে আছি। সম্ভবত এই কারণে ম্যাচটা এত দ্রুত শেষ হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন মিচেল স্টার্ক। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। কামিন্স নিজেও নিয়েছেন ৬ উইকেট। অধিনায়কের চোখে, এমন পারফরম্যান্স দলকে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছে।
ডারউইনের হারের সঙ্গে ম্যাকাইয়ের পারফরম্যান্সের পার্থক্য কামিন্সের চোখেও স্পষ্ট। তাঁর মতে, এবার শুরু থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছিলেন অনেক বেশি সতর্ক ও মনোযোগী। কামিন্স বলেন, ‘আমি মনে করি, সবাই খুব তীক্ষ্ণ ছিল। যা গত সপ্তাহের চেয়ে অনেকটা বিপরীত ছিল।’
ম্যাচের শুরু ভালো হওয়াকে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম ভিত্তি মনে করছেন কামিন্স। তিনি বলেন, ‘প্রথম এক-দুই ঘণ্টা যদি খুব ভালো যায়, তাহলে সেটি পুরো ম্যাচের ভিত গড়ে দিতে পারে।’
ব্যক্তিগতভাবে ক্যামেরন গ্রিনের পারফরম্যান্সও কামিন্সকে স্বস্তি দিয়েছে। ডারউইনে সেঞ্চুরির পর ম্যাকাইয়ে ৬৭ রান করেছেন গ্রিন। দুই টেস্টে ১৮৪ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তাঁকে নিয়ে কামিন্সের মূল্যায়ন, ‘গ্রিনের জন্য এটা দারুণ ছিল। ডারউইনে সেঞ্চুরির পর এখানেও গুরুত্বপূর্ণ রান করেছে। আশা করি, এই পারফরম্যান্স তাকে সামনে আরও আত্মবিশ্বাস দেবে।’

ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
২ ঘণ্টা আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২ ঘণ্টা আগে