
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ছোট শহর ম্যাকাই। একসময় যার পরিচয়ের সঙ্গে জড়িয়ে ছিল চিনি আর কয়লা। কিন্তু অর্থনৈতিক মন্দায় যখন শহরটি সংকটে পড়ে, তখন কয়েকজন ক্রীড়াপ্রেমী দেখেছিলেন নতুন সম্ভাবনা—খেলাধুলাকে ঘিরে বদলে দেওয়া যায় শহরের ভবিষ্যৎ।
সেই ভাবনার বড় পরীক্ষা হয়ে গেল সম্প্রতি। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো হলো টেস্ট ক্রিকেট। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচটি অবশ্য শেষ হয়েছে মাত্র দুই দিনে। তবে ওই দুই দিনে বহু বছরের অপেক্ষার অবসান ঘটেছে।
৩৬ বছর ধরে ম্যাকাইয়ে বসবাস করা রেস্তোরাঁ ব্যবসায়ী অ্যাড্রিয়ান কনরসের চোখে, এমন উন্মাদনা আগে দেখেনি শহরটি। অস্ট্রেলিয়ার জার্সি পরে মানুষের রাস্তায় ঘোরাঘুরি, রেস্তোরাঁ ও বারে ভিড়—সব মিলিয়ে শহরে নতুন প্রাণচাঞ্চল্য দেখেছেন তিনি। অ্যাড্রিয়ান কনরস বলেন, ‘মানুষদের রং-বেরঙের পোশাকে ও অস্ট্রেলিয়ার জার্সি পরে রাস্তায় ঘুরে বেড়াতে দেখার অভিজ্ঞতা অসাধারণ।’
ম্যাকাইয়ের অর্থনীতি দীর্ঘদিন ধরে কয়লাখনি ও আখ চাষনির্ভর। ২০১০-এর দশকে কয়লার দাম পড়ে গেলে শুরু হয় অর্থনৈতিক সংকট। মানুষ শহর ছাড়তে থাকে, বন্ধ হয়ে যায় ব্যবসাপ্রতিষ্ঠান। তখন খেলাধুলাকে অর্থনীতি পুনরুদ্ধারের অন্যতম হাতিয়ার হিসেবে দেখেন মেয়র গ্রেগ উইলিয়ামসন। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার সময় শহরটি তাঁর ভাষায় ছিল ‘খাদের একেবারে তলায়’। এরপর খেলাধুলা, ব্যবসা ও পর্যটনভিত্তিক আয়োজন টানতে বছরে প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করা শুরু হয়। ম্যাকাইয়ে হয়েছে এনআরএল সেমিফাইনাল এবং এএফএলডব্লু ম্যাচ। তবে ক্রিকেটই এখন শহরটির সবচেয়ে বড় সম্ভাবনা।
এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু ৭৮ বছরের পুরোনো হ্যারাপ পার্ক। গত এক দশকে এটিকে আধুনিক আন্তর্জাতিক ভেন্যুতে রূপ দিতে প্রথম ধাপে পাওয়া যায় ২ কোটি অস্ট্রেলিয়ান ডলারের সরকারি অর্থায়ন। তৈরি হয় ২ হাজার আসনের গ্র্যান্ড স্ট্যান্ড, সম্প্রচার সুবিধাসহ প্রায় ১০ হাজার দর্শকের ধারণক্ষমতা। দ্বিতীয় ধাপে আরও ২ কোটি ৩৫ লাখ ডলার দেয় রাজ্য সরকার। প্রায় ৫ কোটি ডলারের প্রকল্পটি পূর্ণ করতে কেন্দ্রীয় সরকারের সহায়তা চাইছেন মেয়র উইলিয়ামসন ও হ্যারাপ পার্কের জেনারেল ম্যানেজার অ্যাড্রিয়ান ইয়ং। ভবিষ্যৎ পরিকল্পনায় আছে অনসাইট হোটেলও।
ডব্লুবিএল এবং ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেট আয়োজনের মাধ্যমে সেই অবকাঠামোগত উন্নয়নের সুফল মিলেছে। কুইন্সল্যান্ড ক্রিকেটও বলছে, আঞ্চলিক এলাকায় আন্তর্জাতিক মানের ক্রিকেট নিয়ে যাওয়া তাদের এক দশকের কৌশলগত লক্ষ্য।
টেস্টের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়ও। অ্যাড্রিয়ান কনরস জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে বিভিন্ন রাজ্য ও কুইন্সল্যান্ডের অন্য এলাকা থেকে পর্যটক আসতে শুরু করেন। তাঁর রেস্তোরাঁর ব্যবসা প্রায় তিন গুণ বেড়ে যায়। প্রথম দিন একটি গ্রিক রেস্তোরাঁ রাত ৯টা পর্যন্ত বুকড ছিল, এমনকি ভেড়ার মাংসের সংকটও দেখা দেয়।
ক্রিকেটকে কেন্দ্র করে পর্যটন বাড়ানোর সুযোগ দেখছে ম্যাকাই। শহরের আশপাশে রয়েছে উত্তরের সমুদ্রসৈকত, পাইওনিয়ার ভ্যালির রেইনফরেস্ট ও কেপ হিলসবরোর সৈকত। অস্ট্রেলিয়ান ক্রিকেট ট্যুরসের আয়োজক লুক ‘স্প্যারো’ গিলিয়ানও মনে করেন, ম্যাকাইয়ের বড় সম্ভাবনা রয়েছে। এবার তিনি দেশটির বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২০ জন পর্যটক নিয়ে এসেছিলেন। তাঁর মতে, ক্রিকেটের সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও পর্যটনকে যুক্ত করতে পারলে শহরটির আকর্ষণ আরও বাড়বে।
ম্যাকাইয়ের স্বপ্ন অবশ্য আরও বড়। মেয়র উইলিয়ামসন চান, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পর ২০৩২ ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট থাকলে ম্যাকাই যেন সেখানে ক্রিকেটের অন্যতম আয়োজক হতে পারে। সে জন্য আগামী পাঁচ-ছয় বছরে আরও বেশি ম্যাচ আয়োজনের লক্ষ্য তাঁদের।
গিলিয়ানের চোখে ম্যাকাইয়ের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো ধারাবাহিকতা। তাঁর মতে, একটি টেস্ট আয়োজনের পর আবার আন্তর্জাতিক ক্রিকেট না এলে খুব দ্রুত ক্রিকেটের মানচিত্র থেকে শহরটি হারিয়ে যেতে পারে। বিশেষ করে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর জন্য ম্যাকাই হতে পারে আদর্শ আন্তর্জাতিক ভেন্যু, যেখানে বড় শহরের বিশাল স্টেডিয়াম পূর্ণ করা কঠিন হলেও আঞ্চলিক শহরে দর্শকদের আগ্রহ তৈরি করা সম্ভব। আর তাতে পূর্ণতা পাবে ম্যাকাইয়ের ক্রিকেটের শহর হয়ে ওঠার স্বপ্ন।

ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড গিয়ে গরম আবহাওয়া পেয়েছিল পাকিস্তান। কিন্তু হেডিংলেতে প্রথম টেস্টে নামতেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ বৃষ্টি ও তীব্র ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে পারেনি সফরকারীরা। হারের জন্য তাই আবহাওয়ার এই পরিবর্তনকেই দায়ী করলেন পাকিস্তানের বোলিং কোচ উমর গুল।
৩২ মিনিট আগে
ম্যাচের ১২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। আল-ইত্তিফাকের উইঙ্গার রায়ান মেসি দ্রুত ফ্রি-কিক নিয়ে সতীর্থ মুসা দেম্বেলের দিকে বল বাড়ান। আল-নাসরের রক্ষণভাগ পেছনে ফেলে একা এগিয়ে যাওয়া দেম্বেলেকে পেনাল্টি এরিয়ায় ফাউল করে থামান বেন্তো। এরপর সরাসরি লাল কার্ড দেখিয়ে আল-নাসরের গোলরক্ষককে মাঠছাড়া করেন র
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
১৩ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
১৩ ঘণ্টা আগে