
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে আয়ারল্যান্ড। এখন আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় বৈশ্বিক মঞ্চে জায়গা করে নিতে বাছাইপর্ব খেলতে হবে ইউরোপের দলটিকে।
ব্রেডিতে হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। তবে বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি বিশ্বকাপে যাওয়ার শেষ সম্ভাবনাটিও শেষ হয়ে যায় আইরিশদের।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সামনে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য কঠিন সমীকরণ ছিল। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের জিততে হতো ৫-০ ব্যবধানে। পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে দুই ওয়ানডেতেই ওয়েস্ট ইন্ডিজের হার কামনা করতে হত। তাহলেই র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে পারত আয়ারল্যান্ড।
সেই সমীকরণের শেষ সুযোগটুকু হাতছাড়া হওয়ায় এখন ১০ দলের বাছাইপর্বে খেলতে হবে আয়ারল্যান্ডকে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো খেলবে বিশ্বকাপের প্রথম ধাপ সুপার সিরিজে। সেখান থেকে সেরা দল পাবে ১২ দলের মূল পর্বে খেলার সুযোগ।
২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া ওয়ানডে র্যাঙ্কিংয়ের নিচের দুই পূর্ণ সদস্য দেশ, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং বাছাই প্লে-অফের সেরা চার দল।
এই প্লে-অফে খেলবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর নিচের চার দল ও চ্যালেঞ্জ লিগের চার দল। চ্যালেঞ্জ লিগে থাকবে ১২টি দল, যাদের দুই গ্রুপে ভাগ করে পুরো চক্রে তিনটি রাউন্ড-রবিন টুর্নামেন্ট আয়োজন করা হবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল পাবে বাছাই প্লে-অফে খেলার সুযোগ।
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে পারেনি আয়ারল্যান্ড। সেবার বাছাইপর্বের সুপার সিক্স পর্বে থেমে যায় তাদের বিশ্বকাপ যাত্রা। এবারও মূল আসরে যেতে হলে পেরোতে হবে বাছাইপর্বের কঠিন পথ।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৪ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১০ ঘণ্টা আগে