Ajker Patrika

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০: ৪৭
বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল
বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ দিলেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

২২ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার বিদেশে তাঁর বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ দেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।

সাকিব এখন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে গল গ্যালান্টস-জাফনা কিংস ফাইনাল শেষে সাকিব ড্রেসিংরুমে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে ডাকেন এক বাংলাদেশি ভক্ত। দেশের লাল-সবুজের পতাকা দেখে ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার ছুটে যান গ্যালারির দিকে। বাংলাদেশের পতাকার ওপর দিলেন অটোগ্রাফ।

শুধু জার্সিতেই অটোগ্রাফ নয়, এক খুদে ভক্তের আবদারও পূরণ করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দেখে সেই ভক্ত ছোট্ট এক ব্যাট তুলে দেন তাঁর হাতে। সাকিব সেখানেও দিলেন অটোগ্রাফ। দল জাফনা কিংস রানার্সআপ হলেও বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ, ভক্তের ব্যাটে অটোগ্রাফ—সাকিবের এসব কাজ নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। গত রাত থেকেই সামাজিক মাধ্যমে তা ভাইরাল।

ম্যাচ শেষে সাকিবের ব্যস্ততা যেন আরও বেড়ে যায়। ফোনে যেন কার সঙ্গে কথা বলতে থাকেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। পুরস্কার বিতরণী মঞ্চে গিয়ে সর্বোচ্চ ডট বলের পুরস্কার গ্রহণ করেন তিনি। জাফনা রানার্সআপ হলেও ফাইনালে ২৪ বলের মধ্যে ১৫ বল ডট দেন সাকিব। ৪ ওভারে ১৫ রান খরচ করে নেন ২ উইকেট। গল গ্যালান্টসের টমাস রজার্স ও দিনুরা কালাপাহানার উইকেট দুটি তুলে নেন সাকিব।

স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা না করতে পারার খেসারতই গতকাল দিতে হয়েছে জাফনা কিংসকে। টস জিতে আগে ব্যাটিং নিয়ে ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় জাফনা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা। সাকিবের ব্যাট থেকে আসে ৯ রান। এই দলেই আরেক বাংলাদেশি তাওহীদ হৃদয় করেন ১০ রান। যেখানে আগের চার ম্যাচে তিনি করেন ১৪১ রান। সব মিলিয়ে পাঁচ ইনিংস ব্যাটিং করে তিনবার নটআউট থাকায় হৃদয় ৭৫.৫ গড়ে করেন ১৫১ রান।

শিরোপা নির্ধারণী ফাইনালে ১২৪ রান তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় গল গ্যালান্টস। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা চারিত আসালাঙ্কা। আর এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সাকিব করেন ৪১ রান। গড় ও স্ট্রাইকরেট ২০.৫ ও ১১৭.১৪। ৭.৭৯ ইকোনমিতে নেন ১১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত