Ajker Patrika

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২২ জুন ২০২৬, ২১: ২৬
আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক
দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন সাবেক অধিনায়ক। ছবি: ক্রিকইনফো

টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহমান। বয়স ৩৯ ছুঁলেও রান করার ক্ষুধা যে একটুও কমেনি, পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে সেটিই আবারও প্রমাণ করেছেন তিনি। সেই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

এর আগে ২০২১ সালের মে মাসেও আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুশফিকুর। এবার তিনি সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিংকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেলেন।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন মুশফিক। ৬৩.২৫ গড়ে করেন ২৩৫ রান। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, আর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ম্যাচজয়ী ১৩৭ রান। তাঁর দারুণ ব্যাটিংয়ে দুই টেস্টেই জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজসেরা নির্বাচিত হওয়ার পর এবার যোগ হলো আইসিসির মাসসেরার স্বীকৃতিও।

মাসসেরা হওয়ার পর মুশফিক বলেন, ‘আবারও আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি আরও বেশি আনন্দিত। পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে আমার সতীর্থ তাইজুলও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জয় আমরা দীর্ঘদিন মনে রাখব।’

ভালো ব্যাটিংয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুশফিক বলেন, ‘এই জয়ের ফলে আমরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও এগিয়েছি, যা দলের জন্য এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমি আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞ তাদের সমর্থনের জন্য। সামনের মাসগুলোতেও বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত