প্রত্যাশা অনুযায়ী উইকেট পায়নি, বলছেন শান্ত

বাংলাদেশ কি তাহলে সিলেট টেস্টের উইকেট পড়তে পারেনি?
অন্তত নাজমুল হোসেন শান্তর সংবাদ সম্মেলনের পর যে কেউ এই প্রশ্নটা করবেন। ড্র হওয়া টেস্টের পাঁচ দিনেই ছিল ব্যাটারদের দাপট। বোলিংয়ে শুরুর দিকে কিছুটা সহায়তা ছিল পেসারদের জন্য। অথচ এমন একটা উইকেটেই স্বাগতিকেরা কি না খেলল তিন স্পিনার ও দুই পেসার নিয়ে!
ম্যাচজুড়ে তাই বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে বেশ। নিস্ফলা ড্রয়ের পর শান্তকেও হতে হলো এমন প্রশ্নের মুখোমুখি। অধিনায়ক বল চাপালেন কিউরেটরদের দিকে। স্পিনারদের না দোষে প্রত্যাশা অনুযায়ী কন্ডিশন না পাওয়ার আফসোস ঝরল শান্তর কণ্ঠে।
প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউটের পর ৩৯৮ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের পতন হওয়া ১৬ উইকেটের আটটা নিয়েছে বাংলাদেশের স্পিনাররা। তবে মিরাজ, তাইজুলদের উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের বড় রানের পথে বাধা হতে পারেনি। এরপরও স্পিনারদের যেন আগলেই রাখলেই শান্ত।
শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল স্পিন সহায়ক উইকেটে খেলব। দুই ম্যাচেই দেখবেন, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলেছি। প্রথম ম্যাচে আমার মনে হয় না কন্ডিশনের কারণে আমরা হেরেছি। বরং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই আমরা ভালো করতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি। আমার মনে হয়, পরিকল্পনা ঠিক ছিল। তবে একটু আগেও যেটা বলেছি, পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হয়নি। সিলেটে আমরা যে ধরনের কন্ডিশন চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম, পুরোপুরি তা পেয়েছি, এমনটা বলব না। তাই পরিকল্পনার দিক থেকে আমরা হয়তো কিছুটা পিছিয়ে ছিলাম।’
শান্তর দাবি, কন্ডিশন সম্পর্কে জানত না দল, ‘আমরা এমন কন্ডিশন চাইনি। যদি কন্ডিশন এমনই হতো, তাহলে হয়তো আমরা একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলতে পারতাম। আমাদের ভাবনা ছিল, উইকেটে হয়তো শুরু থেকেই স্পিন ধরবে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেটাও হয়নি। ভবিষ্যতে যদি আমরা আবার এমন কন্ডিশন তৈরি করতে চাই, তাহলে সংশ্লিষ্টদের সঙ্গে আরও ভালোভাবে আলোচনা করতে হবে। কীভাবে কন্ডিশন নিজেদের অনুকূলে আনা যায়, তা নিয়ে আরও সঠিক ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।’









