Ajker Patrika

কোনো ফলই এল না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৬: ৩৭
কোনো ফলই এল না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে
প্রথম ইনিংসের ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে আউট হয়েছেন তিনি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট হয়েছে ড্র। ছবি: বিসিবি

আলোকস্বল্পতার কারণে আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে একটু আগেভাগেই খেলা বন্ধ রাখতে হয়েছিল। তবু কেউ কেউ খেলা পুনরায় শুরুর কিঞ্চিৎ আশাতে ছিলেন। পরবর্তীতে আর খেলা শুরু করা যায়নি। বাংলাদেশ কোচ ফিল সিমন্সের পাশাপাশি তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা উইন্ডিজ খেলোয়াড়-কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে করমর্দন করেছেন। কোনো দলই জিততে পারেননি সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে।

আজ পঞ্চম দিনে যখন ফিল্ডিং করছিল ওয়েস্ট ইন্ডিজ, তখন অধিনায়ক রস্টন চেজের চোখেমুখে দেখা গেছে হতাশা। হয়তো তিনি আফসোস করছিলেন, ‘ইশ! যদি আরেকটু আগে বাংলাদেশকে ছেড়ে দিতাম।’ ব্যাটিংবান্ধব উইকেটে তাওহীদ হৃদয়-মুশফিকুর রহিমরা যেভাবে মাটি আকড়ে খেলতে থাকেন, তাতে উইকেট তুলে নেওয়াই কষ্ট হচ্ছিল উইন্ডিজ বোলারদের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করতেই থেমে যায় খেলা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট হয়েছে ড্র।

দ্বিতীয় ইনিংসে ৮৩ ওভারে ৩ উইকেটে ৩৪৫ রানে আজ সিলেটে পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে ক্যারিবীয়রা ব্যাটিং করেছে ১০ ওভার। ৮৩ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। লিডসহ ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৬৮। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১৪২ রান করেছেন কাভেম হজ। ক্যারিবীয়দের ৬ উইকেটের সবকটিই স্পিনাররা তুলে নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান দুটি করে উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করেছিলেন নাঈম হাসান। যেহেতু সাদমান খেলতে পারছেন না সিলেট টেস্টে। ৯ উইকেটে ৩৮৬ রান পড়তেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ওপেন করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ৩৩ রান। অষ্টম ওভারের শেষ বলে তামিমকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন জোমেল ওয়ারিক্যান। তামিম তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দেন।

আরেক ওপেনার শান্তকেও (১৪) ফিরিয়েছেন ওয়ারিক্যান। বাংলাদেশ অধিনায়কের উইকেটটা ওয়েস্ট ইন্ডিজকে আদায় করতে হয়েছে রিভিউ নিয়ে। ১১.৫ ওভারে ২ উইকেটে ৪০ রানে পরিণত হওয়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। এর আগে তিনে নামেন তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেটে হৃদয়-মুশফিক গড়েন ২৩৯ বলে ১৩৫ রানের জুটি। এই আউটটা তুলনামূলক অদ্ভুতূড়ে। এক ওয়ারিক্যান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বাকি ক্রিকেটাররাও যেন কিছুই বোঝেননি হৃদয়ের উইকেট হারানোর ব্যাপারে। স্বয়ং হৃদয়ও হতভম্ব হয়ে যান। ৫২তম ওভারের চতুর্থ বলে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে যান হৃদয়। বল লেগ সাইডে পিচ করে এমনভাবে স্টাম্পে লেগেছে, মনে হয় সেটা যেন বাতাসের স্পর্শ।

১৪০ বলে ৮ চারে ৮২ রান করেন হৃদয়। কিছুক্ষণ পর মুশফিককে বোল্ড করেন শামার জোসেফ। ৪৯ রানে আউট হওয়ার সময় মুশফিকের চোখেমুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। দ্রুত হৃদয়-মুশফিকের উইকেট হারিয়ে ৫৬.৪ ওভারে ৪ উইকেটে ১৮৩ রানে পরিণত হয় বাংলাদেশ। ঠিক তার ১৬ বল পর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। এখানেই শেষ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট।

সিলেট টেস্ট ড্র হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে গেল ১-০ ব্যবধানে। দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৩৫৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু করেন ১৩৩ রান। হাসান মাহমুদ নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। যার মধ্যে হৃদয় একাই ২৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২৪২ ও ৮২ রানের দুটি ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ওয়ারিক্যান। ২৭ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত