কেন জিততে পারল না বাংলাদেশ

সিলেট টেস্টের ড্র-ই যেন বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। প্রথম ইনিংসে খাদের কিনারায় পড়েও তাওহীদ হৃদয়ের কল্যাণে লিড নিয়েছিল স্বাগতিকেরা। তবে ম্যাচের ফল নাজমুল হোসেন শান্তর দলের পক্ষে আসেনি।
প্রথম ইনিংসে ১৮৪ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ শেষ ২ উইকেটে তুলেছে ২০২ রান। যেখানে হৃদয়ের অবদান অপরাজিত ২৪৬ রান। সঙ্গীর অভাবে ইনিংস আরও বড় করতে পারেননি এই ব্যাটার। অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ১১৭ রানের পর তাসকিন আহমেদকে নিয়ে আরও ৮৫ রান যোগ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।
হৃদয়ের এমন ব্যাটিংয়েও বাংলাদেশের ব্যর্থতা আড়াল হয়নি। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত তাই প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকেই দায় করলেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, এটা খুবই হতাশাজনক। আমরা যেভাবে নিজেদের প্রস্তুত করেছিলাম, তাতে এই টেস্ট ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। কিন্তু প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। হৃদয় ছাড়া আর কেউ তেমন অবদান রাখতে পারেনি। আমার মনে হয়, এটাই আমাদের ম্যাচ হারানোর কারণ।’
এই ড্রয়ে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল রোস্টন চেজের দল। সিরিজ হারায় বেশ হতাশ শান্ত। ৩ সংস্করণেই নিজেদের বাজে পারফরম্যান্সের কথা অকোপটে স্বীকার করলেন তিনি।
শান্ত বলেন, ‘পুরো সিরিজই আমাদের জন্য খুব হতাশার। গত কয়েক বছর ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এই সিরিজে তিনটি বিভাগেই, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। এমনকি ফিল্ডিংয়েও আমাদের মধ্যে যথেষ্ট উদ্যম ছিল না। সব মিলিয়ে খুব হতাশাজনক পারফরম্যান্স।’
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হৃদয়ের ব্যাট থেকে আসে ৮২ রান। দারুণ ব্যাটিংয়ে জিতেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তাঁকে প্রশংসায় ভাসালেন শান্ত, ‘খুবই ভালো করেছে (হৃদয়)। আমরা সবাই জানি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে সে কতটা ভালো। প্রথম ম্যাচে ভালো করতে পারেনি, কিন্তু এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করে এ ধরনের ফিনিশিং দিতে পারে, এমন একজন খেলোয়াড়ের খোঁজ আমরা করছিলাম। তাকে দলে পেয়ে খুবই ভালো লাগছে। আশা করি, সে এভাবেই ব্যাটিং চালিয়ে যাবে।’









_11zon-c14088-256x144.webp)