
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছে মনে রাখার মতো। তাঁর স্পিন ঘূর্ণিতে ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান আটকাতেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। ইমরান তাহিরের চোখে ‘বিশ্বমানের বোলার’-এর তকমা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
বাংলাদেশ সময় আজ ভোরে প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে খেলতে নেমেই প্রতিপক্ষকে স্পিন জালে ফাঁসিয়েছেন মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। উইকেট পেয়েছেন নিজের প্রথম ওভারেই। সেন্ট লুসিয়ার ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে মিরাজের ফ্লাইটেড ডেলিভারিকে তুলে মারতে যান জন ক্যাম্পবেল। লং অফে সহজ ক্যাচ ধরেন কোয়েন্টিন স্যাম্পসন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এরপর পেয়েছেন কেমল স্যাভরি আর চারিত আসালাঙ্কার উইকেট।
সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ উইকেটের জয়ের পর মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন গায়ানা অধিনায়ক তাহির। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার বলেন, ‘মিরাজ আসলেই ভালো বোলিং করেছে। সে বিশ্বমানের বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বজুড়ে পারফর্ম করে এসেছে। তাকে নিতে পেরে দারুণ লাগছে।’
মিরাজ মূলত আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবির জায়গাতেই খেলতে এসেছেন। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বলে সিপিএলে নবিকে পাচ্ছে না গায়ানা। সিপিএল ছাড়ার আগে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। বোলিং করেছেন ৫.৮০ ইকোনমিতে। পাশাপাশি ২৪.৩৩ গড় ও ১১২.৩০ স্ট্রাইকরেটে করেন ৭৩ রান।
সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে জয়ের পর আজ তাহির উল্লেখ করেছেন এবারের সিপিএলে নবির দুর্দান্ত পারফরম্যান্সের কথাও। গায়ানা অধিনায়ক বলেন, ‘আমাদের দলে ছিল নবি। সে দলের সেরা বোলার।’ মূলত প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিক গায়ানার কাছে সেন্ট লুসিয়া কিংস ফেঁসেছে স্পিন জালেই। টস জিতে আগে ব্যাটিং নেওয়া সেন্ট লুসিয়া ১৮.৫ ওভারে গুটিয়ে যায় ১১৯ রানে। তাহির-মিরাজ মিলে নিয়েছেন ৮ উইকেট। গায়ানা অধিনায়ক ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ৫ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড ও ডোয়েইন প্রিটোরিয়াস।
জয়ের লক্ষ্যে নেমে ১৮.৩ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে ফেলে গায়ানা। ৯ বল হাতে রেখে পাওয়া ৪ উইকেটের জয়ে তাহির হয়েছেন ম্যাচসেরা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ১৪ পয়েন্ট নিয়ে সিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে এখন গায়ানা। তাহির-মিরাজদের দল নিশ্চিত করেছে প্লে-অফ।

ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ার মতো তারকাদের রেখেই দল দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
৬ মিনিট আগে
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফিফা আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের এই ম্যাচের আগেই ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৩ মিনিট আগে
মনে হবে, আমরা এখন যেকোনো দলের সঙ্গে ভালো লড়াই করতে পারব। জয়-পরাজয় তো পরের বিষয়। এটা মনে হবে যে এখন চোখে চোখ রেখে লড়তে পারব।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
১৩ ঘণ্টা আগে