Ajker Patrika

এবার ৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক    
এবার ৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফিতে অর্ধশতক করে ভেঙে দিলেন ৫৭ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার নতুন রেকর্ড এখন এই ব্যাটারের দখলে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে দুলীপ ট্রফির সেমিফাইনালে সোমবার ইস্ট জোনের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ৪২ বলে অর্ধশতক পূর্ণ করেন সূর্যবংশী। তিনটি ছক্কা ও পাঁচটি চারে সাজানো তাঁর এই ফিফটি।

অর্ধশতক পূর্ণ করার সময় সূর্যবংশীর বয়স ছিল ১৫ বছর ১৫৭ দিন। এর আগে দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড ছিল লক্ষ্মণ সিংয়ের দখলে। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে প্রথম অর্ধশতক করেছিলেন তিনি। দীর্ঘ ৫৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী।

দুলীপ ট্রফিতে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করা ব্যাটারের তালিকায় এখন সূর্যবংশীর পরেই রয়েছেন লক্ষ্মণ সিং। তৃতীয় স্থানে পীযূষ চাওলা, যিনি ১৬ বছর ৩০৭ দিন বয়সে টুর্নামেন্টে অর্ধশতক করেছিলেন।

অর্ধশতকের পর আরও বড় কীর্তির দিকে এগোচ্ছিলেন সূর্যবংশী। দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই রেকর্ড গড়া হয়নি। সেঞ্চুরির মাত্র ৮ রান আগে থামে তাঁর ইনিংস; ৯২ রানে।

অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১০০ রান যোগ করেন সূর্যবংশী। তার আগে ম্যাচের প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনকে ২৬৬ রানে অলআউট করে ইস্ট জোন।

ইস্ট জোনের হয়ে মুকেশ কুমার ও অভিজিৎ সরকার তিনটি করে উইকেট নেন। এ ছাড়া মোহাম্মদ শামি ও কুনাইন কুরাইশির শিকার দুটি করে উইকেট।

এদিন ডান কবজিতে বলের আঘাত পেয়ে সাময়িকভাবে মাঠ ছাড়তে হয় ইস্ট জোন অধিনায়ক ইশান কিষানকে। তাঁর অনুপস্থিতিতে লাঞ্চ বিরতির আগে ও পরে মিলিয়ে প্রায় এক ঘণ্টা দলের নেতৃত্বও দেন সূর্যবংশী। পরে মাঠে ফিরে আবার অধিনায়কের দায়িত্ব নেন কিষান। তবে বয়সে ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিনের সব আলো কেড়ে নিয়েছেন সূর্যবংশী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত