Ajker Patrika

‘গেম সেন্স’ বাড়াতে কী করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২১: ৫৯
‘গেম সেন্স’ বাড়াতে কী করছে বাংলাদেশ
ব্যাটারদের ব্যর্থতায় একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

ব্যাটিংয়ে নামলেই মুড়ি-মুড়কির মতো উইকেট পতন। কিন্তু যখন সেই দল বোলিং করে, তখন পিচ হয়ে যায় ব্যাটিং বান্ধব। কথাগুলো যে বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে হারতে হচ্ছে একের পর এক ম্যাচ। তাসকিন আহমেদও এটা নিয়ে উদ্বিগ্ন।

ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ঘরে-বাইরে মিলে টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। এমনকি এশিয়ান গেমস ক্রিকেটে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের বিপক্ষেও জিততে পারেননি লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা। এই সময়ে দুটি টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। এই দুই ম্যাচ শেষ হয়েছে আড়াই দিনেই। তাছাড়া ২০২৬ সালে ওয়ানডেতে পাঁচবার ৫০ ওভারের আগেই গুটিয়ে গেছে।

আউটের ধরন এতটাই দৃষ্টিকটু যে অনেক সময় ক্রিকেটারদের ‘গেম সেন্স’ নিয়েও প্রশ্ন ওঠে। আজ তাসকিন যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁর কথাতেও দেখা গেছে চিন্তার ছাপ। বাংলাদেশের অভিজ্ঞ পেসার বলেন, ‘সেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচে চাপের মুখে আমাদের ধস নেমেছে। কয়েকটা ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আশা করি, দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশা আল্লাহ।’

ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটে নতুন কিছু নয়। টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্তদের ব্যাটে রান নেই। লিটন টেস্টে ভালো করলেও সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়। ওয়ানডেতে এরই মধ্যে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। তাসকিন আজ বলেন, ‘যারা মূলত ব্যাটার, তারাও তো কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি, এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশা আল্লাহ। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায়, সেভাবেই সবাই প্রস্তুত হচ্ছি।’

এবার ওয়ানডে সিরিজে তিন স্পিনার ও চার পেসার নিয়ে দল গঠন করেছে বাংলাদেশ। অলরাউন্ডার মিরাজের সঙ্গে স্পিন বোলিং লাইনআপে আছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। পেস বিভাগে তাসকিনের সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। ইস্ট লন্ডনে গতকাল সাংবাদিকদের উইকেট নিয়ে বলেন, ‘আমরা আজ (গতকাল) যেখানে অনুশীল প্র্যাকটিস করেছি। বল অনেক গ্রিপ করছিল। সবার কাটার অনেক ধরছিল। তাই আরকি বলছিলাম। মাঠে এমন নাও হতে পারে। পিচ স্লো হলে সেরকম বোলিং করতে হবে। সাধারণত শুনে থাকি দক্ষিণ আফ্রিকা মানেই সিম মুভমেন্ট হবে। এখন গ্রীষ্ম আসছে তো। একটু ফ্ল্যাট হচ্ছে। পরশু (আগামীকাল) মাঠে নামলেই বোঝা যাবে, উইকেট কেমন আচরণ করছে।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি অক্টোবরে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের মধ্যে দুটি ডারবানে। একটি করে ম্যাচ খেলবে সেঞ্চুরিয়ন, ইস্ট লন্ডন ও উইন্ডহোকে। পরশু ইস্ট লন্ডনে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাসকিন বলেন, ‘তাহলে তো ভালো। যদি ভালো খেলি, ঐ ম্যাচে (বিশ্বকাপ) বাড়তি অনুপ্রেরণা থাকবে।’

ইস্ট লন্ডনে ১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর হবে গেবেখায়। তৃতীয় ওয়ানডে হবে ৭ ডিসেম্বর। এই ম্যাচের ভেন্যু কেপটাউন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত