Ajker Patrika

‘অস্ট্রেলিয়াকে হারিয়েই বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, কেন তারা এত শক্তিশালী’

ক্রীড়া ডেস্ক    
‘অস্ট্রেলিয়াকে হারিয়েই বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, কেন তারা এত শক্তিশালী’
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনাল খেলার হাতছানি বাংলাদেশের। ছবি: এএফপি

মুমিনুল হক চার মারার পর নাজমুল হোসেন শান্তর হুংকার। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেলফি তোলেন মেহেদী হাসান মিরাজ। ঘটনা যে গত আগস্টে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয় নিয়ে বলা, সেটা বুঝতেই পেরেছেন। রমিজ রাজার মতে অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় হারিয়ে ক্রিকেট বিশ্বে বার্তা দিয়েছে বাংলাদেশ।

২৩ বছর ধরে বাংলাদেশকে টেস্ট খেলার আমন্ত্রণ জানায়নি অস্ট্রেলিয়া। এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি মুশফিকুর রহিম, লিটন দাস, হাসান মাহমুদ যাঁরা খেলতে গেছেন, তাঁরা প্রথমবারই অস্ট্রেলিয়ার মাঠে ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেছেন। প্রথমবারেই খেলতে নেমে হাসান মাহমুদ ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। ট্রাভিস হেড, স্টিভ স্মিথের মতো তারকা ব্যাটারদের বোতলবন্দী করে রাখেন হাসান। পাশাপাশি তানজিদ হাসান তামিম রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন।

বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। রমিজের মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অনেক কিছুই প্রমাণ হয়েছে। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ একদমই সহজ ছিল না। তারা (বাংলাদেশ) অনেক ভালো খেলেছিল। তাদের ভালো পেসার আছে, স্পিনার আছে। সঙ্গে ভালো ব্যাটারও। এসব কারণেই বাংলাদেশ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নম্বরে রয়েছে।’

১৭ টেস্টে ৫০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে ক্রিকেটের রাজকীয় সংস্করণে দ্রুততম উইকেটের ফিফটি পূর্ণ করা বোলার এখন হাসান। গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিনি করেছেন হ্যাটট্রিক। অলক কাপালি, সোহাগ গাজীর পর হ্যাটট্রিকের কীর্তি গড়লেন হাসান মাহমুদ। তৃতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের পর পেয়েছেন পঞ্চম উইকেট। যে চারবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন, সবই বিদেশে।

হাসানের বোলিং নজর কেড়েছে রমিজের। ইউটিউবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘হাসান মাহমুদের মুখে হাসি থাকে। নিখুঁত লাইন লেংথে বোলিং করে। আজ সে হ্যাটট্রিক করেছে।’ এ বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ওপরের দিকে উঠে এসেছে। সেই সিরিজে তাইজুল ইসলাম, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ প্রত্যেকেরই ইনিংসে ৫ উইকেট করে নেওয়ার কীর্তি ছিল। শান্ত-মুশফিকও সেঞ্চুরি করেছিলেন।

চার নম্বরে থাকা বাংলাদেশের সামনে এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার হাতছানি। ঘরের মাঠে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ। শান্ত-মেহেদী হাসান মিরাজদের অপর দুই টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্টে বাংলাদেশের এমন উন্নতিতে অধিনায়ক শান্তকে কৃতিত্ব দিচ্ছেন রমিজ। পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘তাদের (বাংলাদেশ) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। আমার মনে হয় তারা সেখানেও জিতবে। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দক্ষিণ আফ্রিকাকেও কঠিন পরিস্থিতিতে ফেলবে। শান্তর নেতৃত্বে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে।’

২০১৯-২১, ২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৯ দলের মধ্যে ৯ নম্বরেই ছিল। সবশেষ ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। সেই দলটিরই চলমান ২০২৫-২৭ চক্রে ফাইনালে খেলার হাতছানি। এখন পর্যন্ত ২২১৫ রান করে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক লিটন দাস। আইসিসির এই ইভেন্টে ১১৯ উইকেট নিয়ে তাইজুল বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী। মিরাজও উইকেটের সেঞ্চুরি (১০২) পূর্ণ করেছেন। তবে আবুধাবিতে চলমান বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত