Ajker Patrika

স্যান্ডপেপার কেলেঙ্কারিতেই কি ক্যারিয়ার শেষ, ব্যাখ্যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    
স্যান্ডপেপার কেলেঙ্কারিতেই কি ক্যারিয়ার শেষ, ব্যাখ্যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারের
ক্যামেরন ব্যানক্রফট। ছবি: সংগৃহীত

২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরলেও আর থিতু হতে পারেননি ক্যামেরন ব্যানক্রফট। সাম্প্রতিক সময়ে তাঁর অভিযোগ, ওই ঘটনার পরবর্তী পরিস্থিতি ও অস্বস্তিই ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে।

নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালের অ্যাশেজে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন ব্যানক্রফট। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের সঙ্গে এডজবাস্টনে প্রত্যাবর্তন হলেও সিরিজে মাত্র দুটি টেস্ট খেলেন তিনি। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

দীর্ঘদিন টেস্ট দলে উপেক্ষিত থাকার কারণ নিয়ে চলতি মাসের শুরুতে ৪০০০ শব্দের এক বিবৃতিতে নিজের হতাশা প্রকাশ করেন ব্যানক্রফট। সেখানে তিনি দাবি করেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং বিতর্ক তাঁর ক্যারিয়ারকে কার্যত ধ্বংস করে দিয়েছে। এমনকি ২০২১ সালে বোলারদের ওই ঘটনা সম্পর্কে জানার ইঙ্গিত দিয়ে করা মন্তব্যের পরও দলে ফেরার সুযোগ পাননি তিনি।

ব্যানক্রফটের ধারণা, দক্ষিণ আফ্রিকার ঘটনার পর দলের ভেতরে তৈরি হওয়া অস্বস্তি তাঁর ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও অস্ট্রেলিয়ার নির্বাচকপ্রধান জর্জ বেইলি এই ধারণা নাকচ করেছেন। তাঁর দাবি, ব্যানক্রফটের ২০২১ সালের মন্তব্য কখনোই দল নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় আসেনি।

বেইলি বলেন, ‘বছরের পর বছর ধরে একাধিকবার আমি ক্যামকে এ বিষয়টি পরিষ্কার করেছি। আমার মনে হয়, এই চিন্তা তাঁর মাথায় এসেছে। তবে আমাদের পক্ষ থেকে এমন কোনো আলোচনা কখনোই হয়নি।’

নিজের বিবৃতিতে ব্যানক্রফট লিখেছিলেন, ‘দল নির্বাচন অনেক জটিল বিষয়। ক্রিকেটীয় কারণ, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়, বিভিন্ন কন্ডিশন এবং এমন কিছু সিদ্ধান্ত থাকে, যেগুলোর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। অনেক বছর ধরে আমি বিশ্বাস করতাম, নির্বাচকদের সিদ্ধান্তের ওপর আস্থা রাখলে সুযোগ পাব।’

দীর্ঘদিন সুযোগ না পাওয়ার বিষয়টি ভাবিয়েছে ব্যানক্রফটকে, ‘দক্ষিণ আফ্রিকার ওই ঘটনার পর অমীমাংসিত টানাপোড়েন আমার দলে সুযোগ না পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে কি না, তা কখনো ভাবিনি বললে মিথ্যা বলা হবে। গত ছয় বছরে প্রতিযোগিতায় অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি সেঞ্চুরি করেছি। ওই সময়ের অর্ধেকের বেশি সময় রান সংগ্রাহকদের সেরা তিনেও ছিলাম। তারপরও আমাকে আর সুযোগ দেওয়া হয়নি।’

২০২১ সালে নিজের মন্তব্যের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে থাকতে অস্বস্তি বোধ করার কথাও জানিয়েছেন ব্যানক্রফট। তিনি মনে করেছিলেন, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি পুরোনো বিতর্ককে আবার সামনে নিয়ে আসতে পারে।

ব্যানক্রফট বলেন, ‘আমার “স্বাভাবিকভাবেই স্পষ্ট” মন্তব্যের পর সংশ্লিষ্ট কিছু মানুষের সঙ্গে থাকতে ক্রমেই অস্বস্তি বোধ করছিলাম। ভাবছিলাম, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে আমার উপস্থিতি হয়তো অন্যদের এমন প্রশ্নের মুখে ফেলবে, যেগুলো তাঁরা এড়িয়ে যেতে চান। আমাকে দলে না নেওয়াই হয়তো সবচেয়ে সহজ সিদ্ধান্ত ছিল। আমার মতে, এটি যথেষ্ট অন্যায্য।’

এদিকে ২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। উসমান খাজা নিজের আত্মজীবনীতে দাবি করেছেন, ওই ঘটনা সম্পর্কে দলের অনেকেই জানতেন। পরে ব্যানক্রফটও একই ধরনের বক্তব্য দেন। তাঁদের দাবির বিপরীতে অধিনায়ক প্যাট কামিন্স প্রকাশ্যে অভিযোগগুলো অস্বীকার করেছেন।

বেইলি অবশ্য সাম্প্রতিক বিতর্ক পাশে রেখে দলের ক্রিকেটীয় পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। তাঁর মতে, অস্ট্রেলিয়ার সামনে এখন নিজেদের সেরা ক্রিকেটে ফেরাই মূল লক্ষ্য।

বেইলি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা হতাশাজনকভাবে শেষ করেছিলাম। এই দলটি দীর্ঘ সময় ধরে দারুণ ক্রিকেট খেলেছে এবং এটি একটি গর্বিত দল। এখন মূল লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেটের কাছাকাছি ফিরে যাওয়া এবং ভালো পারফরম্যান্স করা। সত্যি বলতে, ক্রিকেটপ্রেমী দর্শকরাও সেটাই চান। তাঁরা এই দলকে আবার ভালো ক্রিকেট খেলতে দেখতে চান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত