Ajker Patrika

বদলে গেল পিএসএলে রিশাদের দলের নাম

ক্রীড়া ডেস্ক    
বদলে গেল পিএসএলে রিশাদের দলের নাম
গতবার লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। হাতে সময় কম থাকায় টিম রাওয়ালপিন্ডি নামে নিলামে অংশ নিয়েছিল ওয়ালি টেকনোলজিসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টকে সামনে রেখে এবার নাম বদলে ফেলল তারা। ‘পিন্ডিজ’ নামে পিএসএলে অংশ নেবে তারা। এক ভিডিও বার্তায় দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পিএসএলের ১১ তম পর্বকে সামনে রেখে চুক্তি নবায়ন করেনি মুলতান সুলতানস। তাদের পরিবর্তে ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে ওয়ালি টেকনোলজিসের কাছে মালিকানা বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মালিকানা কেনার পর গত ১১ ফেব্রুয়ারি নিলামে অংশ নেয় রাওয়ালপিন্ডি। নিলাম থেকে রিশাদ হোসেনকে কিনেছে তারা। বাংলাদেশের লেগস্পিনারের জন্য ৩ কোটি পাকিস্তানি রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

প্রথমবার পিএসএল খেলতে এসেই শক্তিশালী দল গড়েছে পিন্ডিজ। রিশাদ ছাড়াও নিলাম থেকে নাসিম শাহ, মোহাম্মদ আমির, ড্যারেল মিচেল, লরি ইভান্স, কামরান গুলামদের মতো পরিচিত মুখদের নিয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান, ইয়াসিন খানদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা।

চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়লেও রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির নাম নিয়ে আলোচনা যেন থামছেই না। সাধারণত যেকোনো ফ্র্যাঞ্চাইজির নাম দুই শব্দে হয়। সেদিক থেকে ব্যতিক্রম হওয়ায় পিন্ডিজের নাম সম্বলিত পোস্টের কমেন্ট বক্সে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। তাদের চাওয়া, অঞ্চলের প্রতিনিধিত্ব করবে–এমন নামে পিএসএলে অংশ নেওয়া উচিত রাওয়ালপিন্ডির। পিন্ডিজের পরিবর্তে অনেকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ রাখার পরামর্শও দিয়েছেন। এই নামে বেশ পরিচিত পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। অনেকে আবার ‘রাওয়ালপিন্ডি রয়্যালস’ রাখার পরামর্শও দিয়েছেন।

ভক্তদের ক্ষোভের মুখে পড়ে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি শেষ পর্যন্ত নাম পরিবর্তন করবে কি না সেটা নিয়ে আলোচনা হতেই পারে। আপাতত ভক্তদের পাশে থাকার বার্তাই দিয়ে রাখল পিন্ডিজ। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সব অপেক্ষার শেষ হয়েছে। আমাদের ইতিহাস শুরু হলো। এটা (পিন্ডিজ) শুধু একটা নাম নয়; এটা একটা পরিচয়, আমাদের গর্ব। ক্রিকেট বিশ্বকে আমাদের বার্তা। এই নাম ধরে চিৎকার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত