Ajker Patrika

আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়ার পর নিষেধাজ্ঞার শঙ্কায় বুরকিনা ফাসো

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়ার পর নিষেধাজ্ঞার শঙ্কায় বুরকিনা ফাসো
আর্জেন্টিনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে আফ্রিকান দলটি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে হারের পর এবার ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছে বুরকিনা ফাসো। দেশটির ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দেশটি।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে বুরকিনা ফাসো। ট্রানজিট ভিসার জটিলতা ও দীর্ঘ ভ্রমণপথের কারণে খেলোয়াড়দের কয়েক দিন ধরে যাত্রা করতে হয়। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে গন্তব্যে পৌঁছায় দলটি। বিদেশে খেলা কয়েকজন নিয়মিত খেলোয়াড়ও এই সফরে দলের সঙ্গে ছিলেন না। শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হেরে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

এই ঘটনায় দেশটির ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। ফেডারেশন সভাপতি কর্নেল মেজর ওমারু সাওয়াদোগোর নেতৃত্বাধীন কর্তৃপক্ষ জাতীয় দলের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ব্যবস্থাপনায় ফেডারেশনের ব্যর্থতার সমালোচনা করেছেন ত্রাওরে। ফুটবলের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যি যে আমাদের ফুটবল অসুস্থ, আর আমরা এর প্রতিকার খুঁজে বের করব। আবারও বিনিয়োগ করতে হলে আগে এই রোগ সারাতে হবে। আমার বিশ্বাস, পরিস্থিতির অগ্রগতি নিশ্চিত করতে চলতি সপ্তাহেই আমাদের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে।’

ফেডারেশনের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপের বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন ত্রাওরে, ‘এত দিন আমরা ফেডারেশনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে চাইনি। কিন্তু এখন আমাদের আর কোনো উপায় নেই। ফিফা আমাদের নিষিদ্ধ করুক বা না করুক, আমাদের হস্তক্ষেপ করতেই হবে। তবে আমরা হস্তক্ষেপ করলে সেটি হবে সবকিছু সুশৃঙ্খলভাবে পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য।’

ফিফার সংবিধির ১৪ নম্বর অনুচ্ছেদে সদস্য ফেডারেশনগুলোর স্বাধীনভাবে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে। সরকারি হস্তক্ষেপের কারণে ফেডারেশনের স্বাধীনতা ক্ষুণ্ন হলে ফিফা দেশটির সদস্যপদ স্থগিত করতে পারে। অতীতে কেনিয়া ও জিম্বাবুয়ের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞার নজির রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্বকাপ ও আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে অংশ নিতে পারবে না বুরকিনা ফাসো। দেশটির ক্লাবগুলোও আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) প্রতিযোগিতায় খেলার সুযোগ হারাবে। পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে ফিফার ফরোয়ার্ড কর্মসূচির আওতায় পাওয়া আর্থিক সহায়তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত