রোববার ভারতের সাপ্তাহিক ছুটি হওয়াতে চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ চতুর্থ দিনে দর্শকদের সংখ্যা তুলনামূলক বেশিই দেখা গেছে। গ্যালারিতে ভরপুর ভক্ত-সমর্থকদের সামনে আনুষ্ঠানিকতা সারতে রোহিত শর্মার দলের দুই ঘণ্টাও লাগেনি। চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বিশাল জয় পেল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিতেরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
প্রথম ইনিংসে রিভার্স সুইপে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে জীবন পেলেও টেনেটুনে ২৫ করতে পেরেছেন। ৫১৫ রানের লক্ষ্যে নেমে যেখানে দায়িত্ব নিয়ে খেলার কথা, সেটা করতে ব্যর্থ হলেন। তাঁর দেখানো পথেই এরপর হাঁটলেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে রীতিমতো আজ আত্মসমর্পণ করল বাংলাদেশ। ৪০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৩৪ রানেই গুটিয়ে গেল সফরকারীরা।
ঋষভ পন্তের শিশুতোষ ভুলে আজ এক দফা বাঁচলেন সাকিব। বোলার ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু কী লাভ হলো তাতে! জাদেজা না পারলেও সাকিবকে দ্রুত ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন অশ্বিন। ৫২তম ওভারের চতুর্থ বল ফ্রন্টফুডে ডিফেন্স করতে যান সাকিব। ব্যাট-প্যাডে লেগে হাওয়ায় ভেসে যাওয়া বল শর্ট লেগে দারুণভাবে তালুবন্দী করেন যশস্বী জয়সওয়াল। ৫৬ বলে ৩ চারে ২৫ রান করা সাকিব ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৯৪ রান।
অশ্বিন-জাদেজা-অশ্বিন— চতুর্থ দিনের সকালে এভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশের উইকেট নিতে থাকে ভারত। ৫৫তম ওভারের চতুর্থ বলে জাদেজার বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে যান লিটন। এজ হওয়া বল প্রথম স্লিপে ধরেন রোহিত। দায়িত্ব নিতে ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজও। বিপদের মুহূর্তে নিজের উইকেটটা উপহার দিলেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের উইকেটটি নিয়েছেন অশ্বিন। ক্যাচ ধরেন জাদেজা।
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে শান্ত সাবলীলভাবে খেলতে থাকেন। দলের বিপদের মুহূর্তে তাঁর মাথায় কিসের ভূত চাপল, সেটা তিনিই বলতে পারবেন। জাদেজার বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন শান্ত। এক্সট্রা কাভার থেকে উল্টো দিকে দৌড়ে দারুণ ক্যাচ ধরেন জসপ্রীত বুমরা। এই জাদেজা বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। যেখানে ৬৩তম ওভারের প্রথম বলে হাসান মাহমুদ স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়েছেন।
প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া অশ্বিন নিজের স্পিন ভেলকি দ্বিতীয় ইনিংসের জন্যই যেন জমিয়ে রাখেন। বাংলাদেশ যখন ৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল, সেই ইনিংসে ৮৮ রানে নেন ৬ উইকেট। পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিও এই টেস্টেই তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে ১৩৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করেছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন অশ্বিন।
৪ উইকেটে ১৫৮ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে পিচে অসম বাউন্স, টার্ন পাচ্ছিলেন ভারতের বোলাররা। প্রতি পদে পদেই উইকেট পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চার দিনে শেষ হওয়ার পেছনে বাংলাদেশের ব্যাটারদের খামখেয়ালিভাবে উইকেট বিলিয়ে দেওয়াটাই অনেকাংশে দায়ী। দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ রানসংগ্রাহক শান্ত ৮২ রান করেন। ১২৭ বলে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।
টস হেরে প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে অলআউট হয়েছিল ১৪৯ রানে। তবু ২২৭ রানে এগিয়ে থাকা ভারত ফলোঅন করায়নি বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকেরা।

মহেন্দ্র সিং ধোনি খেলছেন কি খেলছেন না—এবারের আইপিএলে এমন খবর প্রকাশ হয়েছে অনেকবার। কখনো জানা গেছে, চোটে পড়েছেন বলে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ফিট হলেই ফিরবেন আইপিএল ইতিহাসে যৌথ সর্বোচ্চ শিরোপাজয়ী অধিনায়ক। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের আইপিএল পর্ব।
১ ঘণ্টা আগে
২৮ বছর তো একেবারে কম সময় নয়। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কিছুই তো বদলে গেছে বিশ্ব ফুটবলে। ইতালির টানা তিনবার বিশ্বকাপ মিস করা, দীর্ঘ প্রতীক্ষার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়—এমন আরও অনেক ঘটনা ঘটেছে। নরওয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ২৮ বছর পর।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হয়ে ৮১ ম্যাচ খেলা ডুলির এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে এক দশকের। তাঁর অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো নাম লেখায় এশিয়ান কাপে। এবার বাংলাদেশকেও একই মঞ্চে নিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে খুদে বার্তায় ডুলি বলেন, ‘ফিলিপাইনের মতো বাংলাদেশকে (এশিয়ান কাপে নিতে) সফল করতে আমি আশাবাদী। এতে ক
২ ঘণ্টা আগে
মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস—সবশেষ টানা তিন ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে বিরাট কোহলি, রজত পাতিদার, ভুবনেশ্বর কুমারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কখনো জিতছে, আবার কখনো হারছে। বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে
২ ঘণ্টা আগে