Ajker Patrika

আত্মজীবনীতে নাম আসতেই খাজাকে তুলোধুনো করলেন সাবেক পেসার

ক্রীড়া ডেস্ক    
আত্মজীবনীতে নাম আসতেই খাজাকে তুলোধুনো করলেন সাবেক পেসার
উসমান খাজার এই বইটাই তোলপাড় সৃষ্টি করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ছবি: সংগৃহীত

আত্মজীবনীতে সাবেক কোচ অ্যান্থনি স্টুয়ার্টকে নিয়ে মন্তব্য করেছিলেন উসমান খাজা। সেই মন্তব্যের জবাবে ক্ষোভ উগরে দিয়েছেন স্টুয়ার্ট। খাজার আচরণ, দলীয় শৃঙ্খলা ও ব্যাটিং পজিশন নিয়ে একাধিক অভিযোগ তুলে তাঁকে আক্রমণ করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।

১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ওয়ানডে খেলা স্টুয়ার্ট পরে নিউ সাউথ ওয়েলসের কোচিংয়ে যুক্ত হন। সেই সময় রাজ্য দলটির হয়ে খেলার সুবাদে খাজার সঙ্গে কাজ করেন তিনি।

নিজের আত্মজীবনীতে খাজা লিখেছেন, স্টুয়ার্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলেও তেমন সাড়া পাননি। কোচ হিসেবে স্টুয়ার্ট তাঁর জন্য তেমন কিছু করেননি বলেও মন্তব্য করেন সাবেক এই ওপেনার।

খাজার সেই মন্তব্যের জবাবে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন স্টুয়ার্ট। সেখানে একসঙ্গে কাজ করার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে খাজার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

স্টুয়ার্ট লিখেছেন, ‘গত ১৫ বছর ধরে ব্যক্তিগতভাবে অনেক বন্ধুকে তোমার সম্পর্কে এবং দলে তুমি কী “অবদান” রেখেছিলে, তা নিয়ে আমার মতামত জানিয়েছি। এখন প্রকাশ্যে সেসব কথা বলতে আমার আপত্তি নেই। কারণ, তুমি অত্যন্ত সম্মানের সঙ্গে আত্মজীবনীতে সবার আগে আমার নাম উল্লেখ করেছ।’

খাজার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ নিয়েও পাল্টা মন্তব্য করেছেন স্টুয়ার্ট। তাঁর দাবি, খাজা কখনো তাঁর পরিবারের বিষয়ে জানতে চেয়েছিলেন বলে মনে পড়ে না, ‘আমার পরিবারের বিষয়ে তুমি কখনো জানতে চেয়েছিলে বলে মনে পড়ে না। তবে যদি জিজ্ঞেস করে থাকো এবং তোমার প্রত্যাশামতো সাড়া না দিয়ে থাকি, তাহলে দুঃখিত। তবে পেছনে ফিরে তাকালে মনে হয়, তখন হয়তো তোমার পরিবারের বিষয়েই আমাদের বেশি সময় কথা বলা উচিত ছিল।’

এনএসডব্লিউতে খাজার সময়কার আরও কয়েকটি ঘটনা তুলে ধরেছেন সাবেক এই কোচ। তাঁর অভিযোগ, ব্যাটিং শেষ করার পর খাজা প্রায়ই প্যাড পরে অনুশীলনে ঘুরে বেড়াতেন। এতে সতীর্থদের বোলিং করার সুযোগ পেতে অসুবিধা হতো। ফিল্ডিং অনুশীলনেও খাজা নিয়মিত অনীহা দেখাতেন বলে দাবি করেছেন তিনি।

স্টুয়ার্ট লিখেছেন, ‘ব্যাটিং শেষ করার পরও অনুশীলনে সব সময় প্যাড পরে ঘুরে বেড়াতে। তখন সতীর্থদের বোলিং করা বেশ কঠিন হয়ে পড়ত, যারা কিছুক্ষণ আগেই তোমাকে বল করেছে। নাকি এটা শুধুই কাকতালীয়? নিয়মিত অভিযোগ করা এবং ফিল্ডিং অনুশীলন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা।’

তাসমানিয়ায় শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে এনএসডব্লিউর হয়ে খাজার ওপেনিংয়ে ব্যাট করা নিয়েও বিরোধের কথা উল্লেখ করেছেন স্টুয়ার্ট। তাঁর দাবি, ওই সিদ্ধান্তে খাজা ও সে সময়ের তাঁর ম্যানেজার ক্ষুব্ধ হয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, দলের সেরা খেলোয়াড়ের তিন নম্বরে ব্যাট করা উচিত।

স্টুয়ার্ট লিখেছেন, ‘তাসমানিয়ায় শেফিল্ড শিল্ডের ম্যাচে এনএসডব্লিউর হয়ে তোমাকে ওপেনিংয়ে ব্যাট করতে বলা হয়েছিল। এটা নিয়ে তুমি এবং তখনকার তোমার ম্যানেজার বড় ধরনের ক্ষোভ প্রকাশ করেছিলে। তোমাদের যুক্তি ছিল, দলের সেরা খেলোয়াড়ের তিন নম্বরে ব্যাট করা উচিত। কোচ, অধিনায়ক ও নির্বাচক কমিটির প্রধান সবাই তোমাকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্তে একমত ছিলেন। কিন্তু তুমি চেয়েছিলে সবকিছু তোমার মতো করে হোক। টেস্ট ক্যারিয়ারের শেষ ছয় বছরে তোমার ভূমিকার সঙ্গে এই ঘটনার বিদ্রূপাত্মক মিল আমার চোখ এড়ায়নি।’

ওই ম্যাচে স্টিভ স্মিথ, সাইমন ক্যাটিচ ও ফিল হিউজের মতো ক্রিকেটারদের উপস্থিতির কথাও উল্লেখ করেছেন স্টুয়ার্ট। তাঁর দাবি, সে সময় ওই তিনজনই খাজার চেয়ে ভালো খেলোয়াড় ছিলেন। স্মিথ তিন নম্বরে ব্যাট করে ৯৮ রান করেছিলেন।

এই প্রসঙ্গে স্টুয়ার্ট লিখেছেন, ‘ওই ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে স্টিভ স্মিথ, সাইমন ক্যাটিচ ও ফিল হিউজও খেলেছিল। কথাটা শুনতে খারাপ লাগলেও, তখন তারা সবাই তোমার চেয়ে ভালো খেলোয়াড় ছিল। তোমার ম্যানেজারের যুক্তি ঠিক ছিল, দলের সেরা খেলোয়াড়ের তিন নম্বরে ব্যাট করা উচিত। স্মিথ তাই করেছিল। সে ৯৮ রান করেছিল।’

পার্থে হোটেলে ফেরার পথে দলের নির্ধারিত ট্রাভেল কিট পরা নিয়েও খাজার সঙ্গে অধিনায়কের বিরোধ হয়েছিল বলে দাবি করেছেন স্টুয়ার্ট। তাঁর অভিযোগ, অধিনায়ক একাধিকবার অনুরোধ করার পরও খাজা দলের পোশাক পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন, ‘তোমার সঙ্গে এবং তখনকার তোমার ম্যানেজারের সঙ্গে কাজ করা, তোমার ভাষা ধার করে বললে, ছিল ভয়াবহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত