ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

তাওহীদ হৃদয়ের করা দিনের শেষ ওভারের পঞ্চম বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইয়ান মুল্ডার। তাঁকে ফিরিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না হৃদয়ের। তবে ম্যাচের বাংলাদেশের অবস্থা ঠিক এর বিপরীত। দক্ষিণ আফ্রিকার দাপুটে পারফরম্যান্সের সামনে মুখ থুবড়ে পড়া অতিথিদের সামনে এখন ইনিংস হারের শঙ্কা।
দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪০৩ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের করা ৯১ রানের জবাবে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। এই ম্যাচে এখন ইনিংস হার এড়ানোই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
সুপারস্পোর্টস পার্কে বোলারদের পর এখন বাংলাদেশকে ভোগাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। সবচেয়ে বড় দেয়ালটা তুলেছিলেন মার্কাস অ্যাকারম্যান। এই ওপেনারের অবদান ১৫০ রান। কম যাননি উইয়ান মুল্ডার। হৃদয়ের বলে আউট হওয়ার আগে সেঞ্চুরি তুলে নেন তিনিও। এ ছাড়া ফিফটি করে দক্ষিণ আফ্রিকার ইনিংসে অবদান রেখেছেন টনি ডি জর্জি ও মার্কো জানসেন।
দক্ষিণ আফ্রিকার বড় লিডের পেছনে বাংলাদেশের ফিল্ডারদের অবদানও কম নয়। চারটি ক্যাচ ছেড়েচেন সফরকারীরা। এ ছাড়া আম্পায়ার্স কলের সুবিধাও পেয়েছে প্রোটিয়ারা। সবমিলে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দুই দিনে কোনো সুখস্মৃতিই নেই বাংলাদেশের।









