Ajker Patrika

পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, রানার কাছে কে বেশি ‘স্পেশাল’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২২: ৪০
পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, রানার কাছে কে বেশি ‘স্পেশাল’
১০ ওয়ানডে খেলে ইনিংসে দুইবার ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ছবি: বিসিবি

গতির পাশাপাশি বাউন্সার, কখনোবা লেংথের পরিবর্তন—ব্যাটারদের ভড়কে দিতে যা যা করা দরকার, সবটাই করছেন নাহিদ রানা। যে রানা তাঁর ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডে মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেট, তিনি গত দুই মাসে দুইবার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছেন।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট রানা নিয়েছেন মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। সেই সিরিজে ৮ উইকেট নিয়ে তিনি পেয়েছেন সিরিজসেরা ক্রিকেটারের পুরস্কার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেট পেলেও তুলনামূলক খরুচে ছিলেন। আজ দ্বিতীয় ওয়ানডেতে রানা ফিরেছেন স্বমহিমায়। ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এক ওভার মেডেনও দিয়েছেন।

রানার আগুনে বোলিংয়ের দিন ৬ উইকেটের জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন তিনি। নিউজিল্যান্ড নাকি পাকিস্তান, কাদের বিপক্ষে ৫ উইকেট নেওয়াটা তাঁর কাছে স্পেশাল—তাঁকে জিজ্ঞেস করা হয়েছে এই প্রশ্ন। বাংলাদেশের গতিতারকা উত্তরে বলেন, ‘সবগুলোই আমার কাছে স্পেশাল এবং প্রত্যেকটা উইকেটই আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে। দলের হয়ে ইমপ্যাক্টফুল পারফর্ম করতে পারছি। এটার জন্য আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে সবগুলো উইকেটই একই।’

ঘণ্টায় ১৪৪.৬ কিলোমিটার ও ১৪৫.৮ কিলোমিটার গতিতে রানার করা দুটি বোলিং আজ নজর কেড়েছে। শুধু তাই নয়, ভ্যাপসা গরমের মধ্যে ৬০ বলের মধ্যে ৫৯টা বলেই তাঁর গতি ছিল ১৪০ কিলোমিটারের বেশি। ফিল্ডিংও করেছেন পুরো চার ঘণ্টা। ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করেন বলেই সবকিছু সুন্দরভাবে সামলাতে পেরেছেন বলে জানিয়েছেন রানা। সংবাদ সম্মেলনে গতিতারকা বলেন, ‘সবার প্রথমে আলহামদুলিল্লাহ। আল্লাহ ফিট রেখেছেন। দ্বিতীয়টা হচ্ছে ফিটনেস। অনুশীলনের বাইরে কিংবা যখন অনুশীলন চলে, তখন ফিটনেস ট্রেনারের সঙ্গে কাজ করি এবং তাদের সঙ্গে কথা বলি যে কীভাবে নিজের ফিটনেস বাড়ানো যায়। সেকারণে কখনো ক্লান্ত মনে হয় না। এজন্য অবসর সময়ে যে জিনিসগুলো করা লাগে যেমন জিম বলেন, রানিং বলেন কিংবা ধরে রাখার কথা বলেন, এই জিনিসগুলা তখন করলে ভালো হয়।’

আজ রানা অষ্টম ওভারে নিজের প্রথম ওভার বোলিংয়ে আসেন রানা। সেই ওভারের প্রথম বলেই হেনরি নিকোলসকে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রানা। বাংলাদেশের গতিতারকা নিকোলসের মতো উইল ইয়াং, ডিন ফক্সক্রফটেরও উইকেট নিয়েছেন নিজের ওভারের প্রথম বলেই। শর্ট বল তাঁর শক্তির জায়গা হলেও ইদানীং তিনি ইয়র্কারে ব্যাটারদের খোলসবন্দী করে রাখেন।

ইয়র্কার নিয়ে কোচদের সঙ্গে বিশেষ কী করছেন রানা—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে কোনো কিছু বলে ধরেন করা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে চেষ্টা করছি কীভাবে নিজের স্কিল বাড়ানো যায়। অবশ্যই শন টেইট বলেন কিংবা বাংলাদেশের যাঁরা কোচ আছেন, তাঁদের সঙ্গেও যখন কাজ করি। চেষ্টা করছি নতুন কিছু শেখার। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো যাচ্ছে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। যার মধ্যে দুইবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন তিনি। দুটিই তিনি পেয়েছেন মিরপুরে। এই মাঠে বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডে সবচেয়ে বেশি তিনবার ইনিংসে ৫ উইকেটের কীর্তি রয়েছে মোস্তাফিজুর রহমানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

যেসব শর্তে ইতিবাচক সাড়া পেলে ইসলামাবাদে আসতে রাজি ইরান

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত