দীপুর সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

ফিফটির পরই ক্লান্ত দেখা যাচ্ছিল শাহাদাত হোসেন দীপুকে। কাতারের প্রচন্ড গরমে বারবার হাঁপাচ্ছিলেন তিনি। তবে দলের বিপদের দিনে ঠিকই মাথা ঠান্ডা রেখে ব্যাট চালিয়েছেন। অসামান্য ব্যাটিং দৃঢ়তায় সেঞ্চুরির দেখা পেয়েছেন দীপু। বাংলাদেশ ‘এ’ দল পেয়েছে লড়াকু পুঁজি।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করেছে বাংলাদেশ ‘এ’। দলকে এই পুঁজি এনে দিনে ১০৩ রানের ইনিংস খেলেন দীপু।
দোহার ওয়েস্ট ইন্ড পার্ক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ ‘এ’। দলীয় ১৫ রানেই সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় দল। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে দীপুর জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ ‘এ’। এই জুটি ভাঙার পর মাত্র ৮ রানেই ৩ ব্যাটারকে হারিয়ে আবার চাপে পড়ে দল। তাতে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু দীপু একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ক্রিজে থাকায় লড়াই করার মতো রান বোর্ডে পেয়েছে বাংলাদেশ ‘এ’।
১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় সাজানো দীপুর ১০৩ রানের ইনিংস। অঙ্কনকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৫ রান যোগ করে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন তিনি। অঙ্কন ৪২ রানে বিদায়ে নিলেও মাটি কামড়ে টিকে থাকেন দীপু। এসএম মেহরবকে নিয়ে ষষ্ঠ উইকেটে গুরুত্বপূর্ণ ৫২ রান এনে দেন তিনি। ২৮ রান করে হাসান নাওয়াজের বলে আব্দুল সামাদের হাতে ধরা পড়েন মেহরব।
নবম উইকেটে রিপন মন্ডলকে নিয়ে আরও ৪০ রান যোগ করেন দীপু। ১৯ রান আসে রিপনের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন সুফিয়ান মুকিম। আলী রাজা ও নাওয়াজের শিকার দুটি করে উইকেট।









