Ajker Patrika

বাংলাদেশ সফরে আসতে পারে ভারত, তবে…

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সফরে আসতে পারে ভারত, তবে…
সবশেষ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। ছবি: সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে রাজনৈতিক টানাপোড়েনের জেরে সাবেক চ্যাম্পিয়নদের সেই সফর হচ্ছে না। সঠিক সময়ে না হলেও সিরিজ খেলতে বাংলাদেশের সফর করতে পারে ভারত—এমনটাই জানিয়েছে এএনআই।

ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থগিত সাদা বলের সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিজের নতুন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে ২০২৭ সালের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাতে এএনআইকে লিখেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য একটি সময়সীমা চাইছে।’

মূল সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানায়, সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকবে। ঢাকা ও চট্টগ্রামে হওয়ার কথা এসব ম্যাচ।

তবে বিসিসিআই এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দুই বোর্ডের সম্পর্কে অবনতি হয়। বিসিবি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

ভারতের বাংলাদেশ সফর আরও একদফা স্থগিত হলেও মাঠের খেলায় ব্যস্ত থাকবে ভারত। আগামী মাসের মাঝামাঝিতে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত