Ajker Patrika

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি শেষ’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৫
‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি শেষ’
২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে চুক্তি আছে গম্ভীরের। ছবি : সংগৃহীত

আইসিসির সাদা বলের টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে এশিয়া মহাদেশের এই দল। কিন্তু এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। দলের আশা যখন সুতোয় ঝুলছে, তখন প্রধান কোচ গৌতম গম্ভীরকে সতর্ক করলেন ইংল্যান্ডের পেসার স্টিভ হারমিসন।

২০২৪ সালের কোচ হওয়ার পর সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত খেলছে ভারত। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর সম্পর্কটা দারুণ হয়েছে। যার সুফল হিসেবে টি-টোয়েন্টিতে একের পর এক ম্যাচ জিতে চলেছে ভারত। তবে ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স এদিক-ওদিক হলেই গম্ভীরকে দেখা যায় অন্য রূপে। ডাগআউটে যতবার ক্যামেরার ফোকাস করা যায়, বেশির ভাগ সময়ই ভারতীয় কোচের ফ্যাকাসে চেহারা দেখা গেছে। এবার তার দলের সামনে রয়েছে অগ্নিপরীক্ষা। পরশু কলকাতার ইডেন গার্ডেনসে অলিখিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের কাছে উইন্ডিজ বাজেভাবে হারলেও টি-টোয়েন্টিতে নিজেদের দিনে কতটা ভয়ংকর ক্যারিবীয়রা, সেটা সবারই জানা।

কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ খেলা, সেটা অনেকেরই জানা। ভারতের বাজে সময়ে তাঁর দিকে ধেয়ে আসে একের পর এক সমালোচনার তীর। হার্মিসনের মতে ভারত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলে গম্ভীরের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক পেসার বলেন,‘গম্ভীরকে পছন্দ করা একটু কঠিন। সে অত্যন্ত বদমেজাজি। কিন্তু ড্রেসিংরুমে তার আচরণ কেমন, সেটা নিয়ে আমি নিশ্চিত নই। একজন ভারতীয় কোচ হিসেবে আপনার যদি ইগো কম থাকে, সফল হওয়ার সম্ভাবনা বেশি। এই বিশ্বকাপ জিততে না পারলে তাকে বিদায় নিতে হবে। তবে তার কোচিং করানোর ধরনের জন্য আমি তাকে প্রশংসাও করি। খেলোয়াড় হিসেবেও সে ছিল জেদি এবং একরোখা।’

কোচ হওয়ার পর গম্ভীর ভারতের বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছেন মরনে মরকেলকে। রায়ান টেন ডাসকাট হয়েছেন সহকারী কোচ। সেটার সুফল দারুণ পাচ্ছেন গম্ভীর। হারমিসন বলেন, ‘সে কোচিং স্টাফে ভারতের কিংবদন্তিদের না নিয়ে বরং মরনে মরকেল এবং রায়ান টেন ডেসকাটকে বেছে নিয়েছে। তাদের দল পরিচালনার জন্য সেরা কোচ মনে করেছে গম্ভীর। সে যাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাদের প্রতি সে অনুগত। আমি তার এই গুণকে শ্রদ্ধা করি। তবে একজন ভালো কোচের বৈশিষ্ট্য হলো নিজের ভুল স্বীকার করা এবং তা সংশোধন করা। এ ছাড়া একজন ভালো কোচ আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে এই পদ্ধতি কাজ করছে না এবং এখানে পরিবর্তন করা দরকার। আমার মনে হয় এই জায়গাটায় গম্ভীর তেমন একটা দৃঢ় নয়।’

গম্ভীরের অধীনে ভারত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা চারটি ম্যাচ জিতে সুপার এইটে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। গত রাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের দাপুটে জয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা-জসপ্রীত বুমরাদের ভারত। তবে টেস্টে গম্ভীরের অধীনে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয়েছে। তাতে করে গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে চুক্তি আছে গম্ভীরের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত