
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার আগেই নাহিদ রানার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় বাংলাদেশ। গতির ঝড়ে হই চই ফেলে দেওয়া রানাকে অস্ট্রেলিয়ার মাঠে দেখার যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, তা শুরুতেই শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নুও আফসোসটা লুকাতে পারেননি।
১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৮ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ফাইফার আর এ বছর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ফাইফার—রানার এই দুই ফাইফারের ম্যাচেই বাংলাদেশ জিতেছে হেসেখেলে। এমনকি ওয়ানডেতেও ইনিংসে ৫ উইকেট নেওয়া এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। প্রথম ৫ ম্যাচে যাঁর ছিল ৫ উইকেট, তিনি পরের ১০ ওয়ানডেতে তিনবার নিয়েছেন ফাইফার।
বাংলাদেশ তো বটেই, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মাঠে কাঁপিয়ে এসেছেন। অস্ট্রেলিয়ার মতো পেস সহায়ক কন্ডিশনে রানাকে না পাওয়ার আক্ষেপ গতকাল সংবাদ সম্মেলনে প্রকাশ করেছিলেন বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। নান্নুর কথায় শোনা গেছে সুমনের কথারই প্রতিধ্বনি। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘অবশ্যই মিস করব। কারণ, আমাদের এই দ্রুতগতির বোলার, এই উপমহাদেশে তো এত গতির বোলার নেই। তো সেই হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল। এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশা আল্লাহ আবার দেখব।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নেন রানা। যা বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিং। তবে এই সিরিজে তিনি খেলেন বেছে বেছে। একমাত্র টেস্টের দলে তো ছিলেনই না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন দুটি করে। যার মধ্যে ১৭ জুলাই বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের মাঝপথেই উঠে যেতে হয় রানাকে। সেই ম্যাচে ২.৩ ওভারে ১৫ রানে নেন ১ উইকেট।
নান্নুর মতে রানা তিন সংস্করণে খেলার মতোই যোগ্য ক্রিকেটার। জিম্বাবুয়ে সিরিজে যেটা হয়েছে, সেটা তাঁর (নান্নু) কাছে নিছকই একটা দুর্ঘটনা। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান আজ মিরপুরে বলেন, ‘আপনি দেখুন, যেকোনো খেলোয়াড়ের সেরা সময়ে কিন্তু সেরা পারফরম্যান্সে সবাই আশা করে। সে তো সব সময় ফিট থাকে। সব সংস্করণই খেলার চিন্তা থাকে। সে তো এক সংস্করণের খেলোয়াড় না। তিন সংস্করণের ক্রিকেটার। চোট যেকোনো খেলোয়াড়ের হতে পারে। যেকোনো অনুশীলনেও হতে পারে। এখন ম্যাচে হচ্ছে। এমনিও হতে পারে।’
জিম্বাবুয়ে সিরিজে রানা চোট পাওয়ার পর চলতে থাকে নানা আলোচনা-সমালোচনা। এখন কি এই সিরিজটা তাঁকে না খেলালেও চলত কি না—আজ সাংবাদিকেরা এই প্রশ্ন করলে নান্নু উত্তরে বলেন,
‘এটা আমরা... এখন এটা বলাটা ঠিক হবে না, কারণ ওই (জিম্বাবুয়ে) সিরিজটা তো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেই হিসেবে এটাকে একটা দুর্ঘটনার মতো ধরতে পারেন। কারণ সে চোটে পড়ে গেছে। সেরে তো উঠতে হবে। তো সেই হিসেবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তাভাবনা করে তাকে খেলিয়েছে, টিম ম্যানেজমেন্ট থেকেই আপনারা এই উত্তরটা আশা করতে পারেন।’
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অবশ্য রানার কাছে অপরিচিত নয়। এ বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেন তিনি। চার ম্যাচ মিলিয়ে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে একটা ওয়ানডেতেই ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট। এবার তিনি থাকতে না পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। যদিও পেস বোলিং লাইনআপে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান। যেখানে মুশফিক হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেকই হয়নি। আর অভিজ্ঞ তাসকিন তো প্রতিপক্ষকে কাঁপিয়ে দিচ্ছেন বছরের পর বছর।
রানা না থাকায় পেস বোলিং বিভাগ কি দুর্বল হয়ে গেল—আজ নান্নু এই প্রশ্নের উত্তর দিয়েছেন একটু কৌশলে। সাংবাদিকদের বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান বলেন, ‘আপনার এখান থেকে ঠিক বলা মুশকিল। কারণ, আমাদের ফাস্ট বোলিং ইউনিট আজ প্রায় চার-পাঁচ বছর ধরে একটা ভালো অবস্থানে আছে। টেস্ট ম্যাচগুলোতে যথেষ্ট ভালো বল করে যাচ্ছে। তো আমি আশা করি যে আমাদের এখন যারা যাচ্ছে তাদেরও সামর্থ্য আছে ভালো বোলিং করার। তাদের কাছ থেকে ভালো কিছু দেখব।’
রানার অস্ট্রেলিয়া সফরে না থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইয়ান বিশপও। ডারউইনে এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
১৫ মিনিট আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
২ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৪ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে