Ajker Patrika

ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপকে যেখানে এক বিন্দুতে মিলিয়ে দিল ইতালি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৪২
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপকে যেখানে এক বিন্দুতে মিলিয়ে দিল ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের পর ইতালির ওপেনার অ্যান্থনি মস্কার উদযাপন ছিল এমনই বাঁধভাঙা। ছবি: ক্রিকইনফো

১২ ফেব্রুয়ারি, ২০২৬—ইতালির কাছে দিনটি স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতোই। জয়সূচক রান করার পর অ্যান্থনি মস্কার বাঁধভাঙা উল্লাস, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দর্শকদের অভিনন্দনের জবাবে ক্রিকেটারদের হাততালি। বিশ্বকাপের মতো মঞ্চে প্রথম জয়ের আনন্দ তো এমনই হয়। তাও যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ! ফুটবলের এই দেশে ক্রিকেট যেখানে ‘প্রায়োরিটি লিস্টে’ অনেক পেছনে, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টা এল খুব অনায়াসে।

ফুটবলে চারবার শিরোপা জিতলেও ২০ বছর ধরে বলার মতো কোনো সাফল্য নেই ইতালির। ২০০৬ সালে বার্লিন ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে ফাইনাল জিতেছিল ইতালি। পরের গল্পটা শুধুই হতাশার। ২০১০ ও ২০১৪ সালে দুই বিশ্বকাপ মিলে ৬ ম্যাচ খেলে কেবল এক ম্যাচ জিতেছে ইতালি। হেরেছে তিন ম্যাচ ও দুই ম্যাচ ড্র করেছে। ২০১৮ ও ২০২২ সালে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ তো দলটি মূল পর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল নেপালকে ১০ উইকেটে হারিয়ে ক্রিকেট-ফুটবলকে এত বিন্দুতে মিলিয়েছে ইতালি। গত ২০ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ-ফুটবল বিশ্বকাপে একটি করে ম্যাচ জয়ের কীর্তি গড়েছে ইউরোপের এই দলটি। ইতালি গতকাল ১০ উইকেটে জেতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো উইকেট না হারিয়ে আটবারের মতো জয়ের ঘটনা ঘটেছে। নেপালের দেওয়া ১২৪ রানের লক্ষ্যে নেমে ১২.৪ ওভারে বিনা উইকেটে ১২৪ রান করে ইতালি। জাস্টিন মস্কা ৪৪ বলে করেছেন ৬০ রান। মেরেছেন ৫ চার ও ৩ ছক্কা। তাঁর ভাই অ্যান্থনি ছিলেন আরও বিধ্বংসী। ৩২ বলে ৩ চার ও ৬ ছক্কায় করেছেন ৬২ রান।

নেপালের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ইতালির লেগস্পিনার কৃশান কালুগামাগে। ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির প্রথম জয়ের নায়ক মূলত পেশায় পিৎজার কারিগর। শুধু তিনি একাই নন, উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির অধিকাংশ খেলোয়াড়ই পেশাদার ক্রিকেটার না বলে উল্লেখ করেছেন অধিনায়ক হ্যারি ম্যানেন্তি। সংবাদ সম্মেলনে ইতালির অধিনায়ক বলেন, ‘আমাদের দলের দিকে একটু তাকান। ১৫ ক্রিকেটারের মধ্যে ১২ জনই ক্রিকেটের বাইরে অন্য কাজ করে জীবিকা নির্বাহ করে। জলজ্যান্ত উদাহরণ কৃশান কালুগামাগে। জীবিকার তাগিদে সে পিৎজা বানায়। যে টাকা আয় করে, তা অনুশীলনের পেছনে খরচ করে।’ ইতালিতে দ্রুতই ক্রিকেট আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা ম্যানেন্তির।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে এ বছরের জুন-জুলাইয়ে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবার অংশ নিচ্ছে ৪৮ দল। এই বিশ্বকাপেও ইতালির খেলাটা অনিশ্চয়তার মধ্যে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের টিকিট কাটতে হলে মার্চের প্লে-অফ পর্বের বাধা উতড়ে যেতে হবে ইতালিয়ানদের। সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত