
দেখতে দেখতে শেষও হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরশুর একপেশে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সদ্য শেষ হওয়া ছোট সংস্করণের ক্রিকেটের বড় এই আয়োজনের আলোচিত কিছু ঘটনা তুলে ধরেছে এএফপি।
ডাবল সুপার ওভারের রোমাঞ্চ
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচে দেখা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সুপার ওভার। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে করা ১৮৭ রানের জবাবে আফগানিস্তানও অলআউট হয় ১৮৭ রানে। এরপর প্রথম সুপার ওভারেও সমতা থাকায় ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে শেষ বলে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের দরকার ছিল চার বলে চার ছক্কা; তিনটি ছক্কা মারলেও শেষ পর্যন্ত আউট হয়ে যান তিনি।
অস্ট্রেলিয়ার অভাবনীয় বিদায়
যা ভাবা যায়নি, সেটাই হয়েছে; গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এই পতনের শুরুটা হয়েছিল জিম্বাবুয়েকে দিয়ে। দলটির বিপক্ষে ১৭০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১৪৬ রানে অলআউট। এই ধাক্কার রেশ থেকে যায় পরের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে ছাড়া বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়া হেরে যায় লঙ্কানদের কাছেও। আর আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে গেলে বিশ্বকাপে টিকে থাকার গাণিতিক সম্ভাবনাটুকু শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। শেষ ম্যাচে ওমানকে হারিয়ে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট শেষ করলেও অধিনায়ক মিচেল মার্শ স্বীকার করে নেন, ‘ড্রেসিংরুম চরম হতাশায় নিমজ্জিত’।
মাঠের বাইরে উত্তেজনা
টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি হয় উত্তেজনা। মোস্তাফিজকে আইপিএল থেকে বিসিসিআই বহিষ্কার করায় ক্ষোভের আগুনে জ্বলতে থাকা বাংলাদেশ নিরাপত্তার যুক্তি দেখিয়ে ভারতের মাটিতে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নেয়। তাতে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেয়। ভারতের মাটিতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের সমর্থনে পাকিস্তান শুরুতে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। পরে অবশ্য আইসিসির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলায় পাকিস্তান, কলম্বোয় হয় আলোচিত ভারত-পাকিস্তান লড়াই। তবে যথারীতি এবারও করমর্দন হয়নি দুই দলের খেলোয়াড়দের।
সঞ্জু স্যামসনের পুনরুজ্জীবন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে হার না-মানা ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়ে দেন সঞ্জু স্যামসন। শুরুতে স্যামসন ওপেনার হিসেবে মূল পরিকল্পনায় না থাকলেও অভিষেক শর্মার অফ-ফর্মের কারণে সুপার এইট পর্বে এই উইকেটকিপার-ব্যাটারকে দলে ফেরানো হয়। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যামিও খেলার পর ইডেনে উইন্ডিজের বিপক্ষে ৫০ বলে ৯৭ রান করে নিজের জাত চেনান। এরপর সেমিফাইনাল ও ফাইনালেও ৮৯ রানের দুটি ইনিংসে। এক সময় দলে জায়গা পাওয়া নিয়ে যিনি সন্দিহান ছিলেন, সেই স্যামসনই এবার টুর্নামেন্ট সেরা।
অ্যালেনের রেকর্ড সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন আগ্রাসী ব্যাটিং করেন। সেটা এমনই যে ৩৩ বলেই ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ভেঙে দেন ২০১৬ বিশ্বকাপে ক্রিস গেইলের ৪৭ বলে সেঞ্চুরির রেকর্ড। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের কারণেই ১৭০ রানের লক্ষ্যে ৭.১ ওভার হাতে রেখেই জিতে যায় নিউজিল্যান্ড।
ইতালির ক্রিকেটে আগমন
ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি এই প্রথমবারের মতো খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দল হলেও নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমক দেখায় তারা। এই জয়ের পর আনন্দে কাঁদতেও দেখা গেছে ইতালিয়ান খেলোয়াড়দের। তবে টুর্নামেন্টে আরও বড় চমক দেখাতে পারত তারা। পেতে পারত ইংল্যান্ডের বিপক্ষে জয়ও! কিন্তু সুযোগ পেয়েও হ্যারি ব্রুকদের দলকে গ্রুপ পর্বে হারাতে পারেনি ইতালি। তাতে কী, বিশ্বকাপ অভিষেকেই দলটির ডাকাবুকো ক্রিকেট প্রশংসা কুড়িয়েছে সবার।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৩ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৯ ঘণ্টা আগে