Ajker Patrika

মেসি বলেই হয়তো এভাবে গোল করা সম্ভব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪০
মেসি বলেই হয়তো এভাবে গোল করা সম্ভব
মেসির গোল উদযাপন। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি কি একটু আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে ফেললেন? অন্তত মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দেখার পর এমন কিছুই ভাবতেই পারেন ভক্তরা।

এমন ভাবনা তো আর অমূলক নয়। গত জুনেই ৩৯ পূর্ণ করেছেন মেসি। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ধার কমেনি এই ফরোয়ার্ডের। সবুজ গালিচায় মেসি যেন আগের মতোই পুরনো জাদুকর। জাদুর কাঠির সবশেষ আঁচড়টা দিলেন ন্যাশভিলের বিপক্ষে; দৃষ্টিনন্দন এক গোলে। যে গোল দেখে উচ্ছ্বাসের চেয়ে ভক্তদের আফসোসই বেড়েছে বেশি। ইশ! আর্জেন্টিনার হয়ে মেসি আর কিছু দিন খেলা চালিয়েই যেতে পারতেন।

যে গোল নিয়ে এত কথা, এবার সেটা নিয়ে আলোচনা করা যাক। নু স্টেডিয়ামে মায়ামি ও ন্যাভিলের ম্যাচের আয়ু তখন ৬২ মিনিট। ১-১ গোলের সমতায় ছিল দুদল। ঠিক তখনি মেসির চিরচেনা ভেল্কিতে ঝড় উঠে গ্যালারিতে; ম্যাচে প্রথমবার লিড নেয় মায়ামি।

প্রতিপক্ষের ডি-বক্সের ঠিক সামনের ফাঁকায় সতীর্থ রদ্রিগো দি পলের কাছ থেকে পাস পান মেসি। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে জাল কাঁপান। ঝাপিয়েও ঠেকাতে পারেননি ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শিওয়াক। এমএলএসের চলতি মৌসুমে এটা মেসির ১৯তম গোল।

নিজেদের মাঠে চতুর্থ শুরুতেই পিছিয়ে পড়া মায়ামির ম্যাচে ফেরাতেও অবদান আছে মেসির। বিশ্বকাপজয়ী ফুটবলারের নেওয়া কর্নার ন্যাশভিলের ডিফেন্ডার বেকার হোয়াইটিংয়ের মাথায় লেগে দিক পাল্টে জালে আশ্রয় নেয়।

মেসির এমন পারফরম্যান্সের পরও জেতা হয়নি মায়ামির। যোগ করা সময়ের প্রথম মিনিটে স্যাম সারিজের কল্যাণে ম্যাচে ফেরে ন্যাশভিল। এর আগে ম্যাচের চতুর্থ মিনিটে এই ফরোয়ার্ডের গোলেই লিড নিয়েছিল সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত