Ajker Patrika

লর্ডস টেস্ট

চাপে পড়ে অলৌকিক কিছুর অপেক্ষায় পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
চাপে পড়ে অলৌকিক কিছুর অপেক্ষায় পাকিস্তান
৩ উইকেট হাতে রেখে ৩৫৭ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। তাতে চাপ বাড়ছে পাকিস্তানের ব্যাটারদের ওপর। ছবি: ক্রিকইনফো

লর্ডস টেস্টে পাকিস্তানের সামনে এখন কঠিন এক সমীকরণ। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে ম্যাচে ইংল্যান্ডের দাপট আরও স্পষ্ট। স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ রান। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জটা বিশাল হলেও আশা ছাড়ছেন না মোহাম্মদ আলী। এই পেসারের বিশ্বাস, ক্রিকেটে শেষ বল হওয়ার আগে কিছুই অসম্ভব নয়।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা হয়েছে বিচ্ছিন্নভাবে তিন দফায়। পাকিস্তান বোলিং করেছে ২৫ ওভারের কিছু কম, নিয়েছে চার উইকেট। তবে এর মধ্যেই ইংল্যান্ড আরও ৯৬ রান যোগ করে তাদের লিড বাড়িয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে ইংল্যান্ড।

এই ইনিংসে দুটি উইকেট নেওয়া আলীর মতে, প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান। তিনি বলেন, ‘প্রথম ইনিংসের ঘাটতিটা এমনিতেই অনেক বেশি ছিল। যখন আপনি এতটা পিছিয়ে থাকবেন, তখন প্রতিপক্ষের উইকেট যত দ্রুত সম্ভব নেওয়াই একমাত্র কাজ। আমার মনে হয়, প্রথম ইনিংসের তুলনায় আমরা এখানে ভালো বোলিং করেছি। ভালো জায়গায় বল করেছি এবং আরও ধারাবাহিক ছিলাম।’

মাথার ওপর বড় লিড জমতে থাকায় চতুর্থ ইনিংসে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পাকিস্তানের ব্যাটারদের সামনে। সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংসে তাদের মোট সংগ্রহ ৪১৭ রান। সেখানে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪০০ রানের আশেপাশে লক্ষ্য তাড়া করা সফরকারীদের জন্য বেশ কঠিন। এরপরও ব্যাটারদের ওপর বিশ্বাস রাখতে চান আলী, ‘ক্রিকেটে অলৌকিক ঘটনাও ঘটে। এই মুহূর্তে আমরা শুধু আশা করতে পারি এবং ব্যাটিং গ্রুপকে উৎসাহ দেওয়ার চেষ্টা করতে পারি।’

বড় লক্ষ্য তাড়ার উদাহরণ টেনে আলী আরও বলেন, ‘কাজটা কঠিন হবে, তবে অসম্ভব নয়। ক্রিকেটে শেষ বলটি না হওয়া পর্যন্ত আপনি কোনো পূর্বাভাস দিতে পারেন না। এই টেস্টে এখনো অনেক কিছু বাকি। অতীতেও ৩৫০-৪০০ রান তাড়া করে জেতার ঘটনা ঘটেছে। সবকিছুই মানসিকতা ও বিশ্বাসের ওপর নির্ভর করে। কন্ডিশন কঠিন, তবে আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং রান করার পথ খুঁজে বের করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত