Ajker Patrika

রোনালদোর পোস্টের পর সৌদির এই ক্লাবকে ৩৩ লাখ টাকা জরিমানা

ক্রীড়া ডেস্ক    
রোনালদোর পোস্টের পর সৌদির এই ক্লাবকে ৩৩ লাখ টাকা জরিমানা
ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টের পর আল তাওউনের বিপক্ষে ব্যবস্থা নিল সৌদি আরবের ফুটবল ফেডারেশন। ছবি: এএফপি

কোনো ঘটনা ঘটলে চুপ করে বসে থাকার পাত্র নন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ওপর ঘটা ঘটনা তো বটেই, এমনকি অপ্রত্যাশিত ঘটনা ঘটলে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে প্রতিবাদ জানান তিনি। এবার রোনালদোর প্রতিবাদের পর সৌদি ক্লাবকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সৌদি প্রো লিগের আল তাওউন-আল হিলাল ম্যাচে প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে। আল হিলাল মিডফিল্ডার রুবেন নেভেসকে উদ্দেশ্য করে ‘জোতা’ স্লোগান দিয়েছেন স্বাগতিক আল-তাওউনের দর্শকেরা। এমন ঘটনায় আল তাওউনকে সৌদি আরব ফুটবল ফেডারেশন ২০ হাজার পাউন্ড জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় তা ৩৩ লাখ ১৬ হাজার টাকা। পাশাপাশি ঘলে দুটি হোম ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজন করতে বলা হয়েছে।

সৌদি প্রো লিগের সেই ম্যাচে আল হিলালকে ৬-০ গোলে হারায় আল-তাওউন। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দর্শকেরা নেভেসকে লক্ষ্য করে ‘জোতা’ বলে স্লোগান দিতে দেখা গেছে। সেদিন রাতেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন রোনালদো। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে আল নাসর তারকা লিখেছিলেন, ‘এটা আর ফুটবল থাকছে না। একটা সীমা তো থাকা দরকার। যারা এমন আচরণ করে, তাদের ভবিষ্যতে কখনোই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’

গত বছরের ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জামোরায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান জোতা। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ২৮ বছর। সেই দুর্ঘটনায় মারা যান তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও। নেভেস তাঁর ঘনিষ্ঠ বন্ধু জোতার শেষকৃত্যে কফিনও বহন করেছিলেন। শনিবার আল তাওউনের দর্শকদের স্লোগান নজরে আসে নেভেসের। স্লোগানের জবাবে আল হিলাল মিডফিল্ডার আকাশের দিকে ইঙ্গিত করেছিলেন। ৬-০ গোলে জয়ের পর নেভেস সেদিন বলেছিলেন, ‘আশা করি, এই ঘটনার পর তারা ফের ক্ষমা চাইবে না।’

গোল করতে না পারলেও আল তাওউনের বিপক্ষে অ্যাসিস্ট করেছিলেন নেভেস। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আল হিলাল। দুইয়ে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৭। ১৬ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। প্রত্যেকেই সমান সাতটি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত