Ajker Patrika

জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে ‘না’ করেছেন ভারতের কোচ

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে ‘না’ করেছেন ভারতের কোচ
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বাঁচা-মরার ম্যাচে খেলতে নামবে ভারত। ছবি: সংগৃহীত

আইসিসির সাদা বলের ইভেন্টে দাপট দেখিয়ে খেলা ভারত এখন কোণঠাসা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র ওপর। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারায় ভারতের নেট রানরেট -৩.৮০। সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত আরও কোণঠাসা হয়ে পড়ে পরশু জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জেতায় তাদের নেট রানরেট হয়েছে ‍+৫.৩৫। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও ভারতের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। চেন্নাইয়ে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে।

সুপার এইটে জিম্বাবুয়ে বাজেভাবে হারলেও ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। আজ ভারতের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে সীতাংশু বুঝিয়েছেন, প্রতিপক্ষ যে-ই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে সব ম্যাচই চাপের। তাও যদি হয় বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই। ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘দেখুন ভারতে বিশ্বকাপ খেলা অবশ্যই চাপের। অনেক আশা প্রত্যাশা থাকে। আমি বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ম্যাচে চাপ থাকবেই। যখন আপনি দেশকে প্রতিনিধিত্ব করবেন, তখন অবশ্যই এটা চাপের ম্যাচ (জিম্বাবুয়ে-ম্যাচ)।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা এবারের বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি। তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটে করেছেন ১৫ রান। ওপেনিংয়ে ইশান কিশান দুটি ম্যাচে ঝোড়ো ফিফটি করেছেন। মিডল অর্ডারে নেমে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। আর ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চাপে পড়ে ৪৯ বলে ৮৪ রানের ইনিংস খেলে দলকে বাঁচিয়েছিলেন সূর্যকুমার।

দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পরও শিষ্যদের ওপর আস্থা হারাচ্ছেন না সীতাংশু। আজ সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘আমরা কেবল মাত্র একটা ম্যাচ হেরেছি। আমাদের ভালো জুটি হয়নি। তবে আমার মতে সেই চাপ সামলানোর সামর্থ্য আছে আমাদের। যদি আমরা বিশ্বকাপ জিততে চাই, আমাদের চাপ সামলাতে হবে। যদি আমরা মোমেন্টাম ফিরে পাই, তাহলে ভালো কিছু হবে। আশা করি, কালকের (জিম্বাবুয়ে) ম্যাচে সেটা পাব। ক্রিকেটাররা ঠিক সময়ে জ্বলে উঠবে।’

ভারতের অবশ্য সূচির একটা সুবিধা রয়েছে। আগামীকাল সুপার এইটে গ্রুপ ওয়ানের দুটি ম্যাচ রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ। আবার ১ মার্চ বিকেলে দিল্লিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেদিন সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দুই দিনই অন্তত ম্যাচ শুরুর আগে ভারত জানতে পারবে যে কোন সমীকরণে তাদের খেলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত