Ajker Patrika

বাংলাদেশের জয়রথ থামাল অ্যাডিলেড স্ট্রাইকার্স

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২১: ০৯
বাংলাদেশের জয়রথ থামাল অ্যাডিলেড স্ট্রাইকার্স
চতুর্থ ম্যাচে এসে হারল ইরফান শুক্কুরের দল। ফাইল ছবি

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো উড়ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি)। প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নিয়েছিল ইরফান শুক্কুরের দল। অবশেষে তাঁদের জয়রথ থামাল অ্যাডিলেড স্ট্রাইকার্স।

ডারউইনে চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে স্ট্রাইকার্সের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ এইচপি। ১৬৫ রানের লক্ষ্য ব্যাট করতে নামা দলটি ১৪৩ রানের বেশি করতে পারেনি।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ফেরেন জিসান আলম। দ্বিতীয় উইকেটে ৬১ রান তোলে এইচপিকে ম্যাচে রাখেন আরিফুল ইসলাম ও সোহানুর রহমান। ১৮ বলে ২৩ রান করা সোহানকে সাজঘরের পথ দেখান লাচলান বাংস। এরপর অল্প সময়ের মধ্যে ফেরেন সাব্বির রহমান (৬) ও শুক্কুর (৫) বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

এরপরও শামীম হোসেন ও আরিফুল ক্রিজে থাকায় জয়ের আশা টিকে ছিল বাংলাদেশের। কিন্তু ১২৭ থেকে ১৩০—এই ৩ রানের ৫ ব্যাটারকে হারালে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ব্যাটিং ধসের শুরুটা হয় শামীমের (১৮) বিদায়ে। ফিফটি করা আরিফুলও (৬৬) এই ব্যাটিং ধসে কাটা পড়েন। ১৩০ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে রিপন মন্ডলের ৮ ও মোহাম্মদ রুবেলের ৫ রান কেবল বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে স্ট্রাইকার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল বাংস। হেনরি থর্নটন ও ওয়াহেগুরু ধিলন দুটি করে উইকেট নেন।

স্ট্রাইকার্স এই পুঁজি পায় থমাস কেলি, হেনরি হান্ট ও নোয়া ম্যাকফাডিয়েনের কল্যাণে। ২০ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন কেলি। এ ছাড়া হান্ট ৩৫ ও ম্যাকফাডিয়েনের ব্যাট থেকে আসে ৩১ রান। ২১ রানে ৪ উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন। রুবেলের শিকার তিনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত