
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তাঁর। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্টে পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘণ্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে কেইন উইলিয়ামসন কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম দুই ওভারে ১১ রান খরচ করলেও ৯ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাঁর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, ‘নাহিদ রানা খুবই ভয়ংকর। পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে, সেটা মোকাবিলা করা কঠিন ছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ছয় মাস পর গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার বোলিং করে ৭১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে। যেটা ওয়াসিম ভাই বললেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কোথায় বোলিং করতে হবে, সেটা সে বুঝতে পেরেছে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইরফান পাঠান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচ খেলে নাহিদ রানা নিয়েছেন ২৫ উইকেট। যার মধ্যে টেস্টেই তাঁর উইকেট ২০ টি। জ্যামাইকায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথমবারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকারের দিন বাংলাদেশ জিতেছিল ১০১ রানে। ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সে দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
১০ মিনিট আগে
ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১২ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১৩ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১৫ ঘণ্টা আগে