Ajker Patrika

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার কাছে আজ ৬-০ গোলে হারল বাংলাদেশ। ছবি: বাফুফে

প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আক্রমণে উঠে ব্যবধান কমানোর দুটো সুযোগও এসেছিল। কিন্তু দুটিই হাতছাড়া। এরপর ম্যাচের শেষ ২৫ মিনিটে আরও চার গোল হজম করে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

নাগাই স্টেডিয়ামে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশে ছয় পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়ার কাছে প্রথম ম্যাচে ১০-০ গোলে হারের পর এবার শুরু থেকেই রক্ষণ সামলে খেলার কৌশল নেয় বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে।

চাপ সামলাতে হয়েছে শুরু থেকেই। ১৬ মিনিটে সেই চাপের মধ্যেই প্রথম গোল পায় দক্ষিণ কোরিয়া। কিম মিন-জির শটে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

এরপর রুপনা চাকমার কয়েকটি সেভ বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে। ৩৩ মিনিটে কর্নার থেকে আসা বল প্রথম প্রচেষ্টায় ঠেকানোর পর ফিরতি বলেও গোল হতে দেননি বাংলাদেশের গোলরক্ষক। দুই মিনিট পর চু হাইজুর দূরপাল্লার শটও লাফিয়ে উঠে ফিস্ট করে সরিয়ে দেন রূপনা।

তবে ৪২ মিনিটে আরেকটি আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশ। প্রতি আক্রমণে উঠে জং দা-বিনের গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির ঠিক আগে আবারও গোলের সুযোগ পান দা-বিন। তবে তাঁর হেডটি ধরে ফেলেন রূপনা।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলায় কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমারা নিচ থেকে পাস বাড়িয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেন। সেই ধারায় গোলের সুযোগও তৈরি হয়।

৫৬ মিনিটে ডান দিক থেকে উঠে দক্ষিণ কোরিয়ার বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন আনিকা সিদ্দিকী। তাঁকে আটকে দেন গোলরক্ষক। দুই মিনিট পর আরও ভালো সুযোগ আসে। শামসুন্নাহার জুনিয়রের থ্রু পাস ধরে টপ কর্নার লক্ষ্য করে শট নেন আনিকা। সেটিও ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

ওই দুই সুযোগের পর ম্যাচে ফেরার পথটা কঠিন হয়ে যায় বাংলাদেশের। ৬৫ মিনিটে চোই ইউরির গোলে ব্যবধান ৩–০ করে দক্ষিণ কোরিয়া। ৭৭ মিনিটে জি সো-ইউনের গোলের পর ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইউরি।

শেষ পর্যন্ত যোগ করা সময়েও গোল হজম করে বাংলাদেশ। যোগ করা সময়ের এক মিনিটে কো ইউ-জিনের গোলে দক্ষিণ কোরিয়ার ৬-০ গোলের জয় নিশ্চিত হয়।

এশিয়ান গেমসে দুই ম্যাচ খেলে বাংলাদেশের জালে এখন প্রতিপক্ষের ১৬ গোল। বিপরীতে এখনো কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবেন রূপনা-ঋতুপর্ণারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত