Ajker Patrika

নিউজিল্যান্ডকে হারিয়ে মিসরের ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ জুন ২০২৬, ১০: ১২
নিউজিল্যান্ডকে হারিয়ে মিসরের ঐতিহাসিক জয়
পিছিয়ে পড়ে ৩-১ গোলে জয় পেল মিসর। আফ্রিকার দেশটির ফুটবলাররা যখন উদযাপনে ব্যস্ত, তখন হতাশায় মুষড়ে পড়েছেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার টিম পেইন (ডানে)। ছবি: এএফপি

এবারের বিশ্বকাপে চমক তো একেবারে কম হচ্ছে না। এই তো কয়েক ঘণ্টা আগে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করল নবাগত কেপভার্দে। এই কেপভার্দেই কদিন আগে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ড্র করেছিল। আজ ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল নিউজিল্যান্ড। যদিও সেটা ছিল সাময়িক সময়ের জন্য। অবশেষে মিসর পেল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়।

ভ্যাঙ্কুভারে আজ প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করলেও শেষ হাসি হেসেছে মিসর। নিউজিল্যান্ডের জালে গুনে গুনে দ্বিতীয়ার্ধে তিন গোল দিয়েছে মিসর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর ডাগআউট থেকে কোচরা মিসরের পতাকা উড়িয়েছেন। খেলোয়াড়দের মুষ্টিবদ্ধ উদযাপনই বলে দিচ্ছিল জয়টা পেতে তাঁরা কতটা উদগ্রীব ছিলেন।

এর আগে আটবার খেলে তিনটি ড্র করেছিল মিসর। আফ্রিকার দলটি হেরেছিল পাঁচ ম্যাচ। আজ বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মিসর। ১৯৩৪, ১৯৯০, ২০১৮, ২০২৬—এই নিয়ে চতুর্থবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশ নিয়ে আফ্রিকার দলটি আজ ভ্যাঙ্কুভারে ৩-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে দিনটা স্মরণীয় করে রাখল।

ভ্যাঙ্কুভারে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। কর্নার থেকে নেওয়া টিম পেইনের শট রিসিভ করে লক্ষ্যভেদ করেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার ফিন সুরম্যান। মিসরের ডিফেন্ডারদের জটলা ভেদ করে গোল করার পর সুরম্যানসহ পুরো নিউজিল্যান্ড দলের উদযাপন ছিল দেখার মতো। মিসর-নিউজিল্যান্ড ম্যাচের প্রথমার্ধে এই একটা গোলই হয়েছে।

দ্বিতীয়ার্ধে রাজত্ব করেছে মিসর। ৫৮ মিনিটে তারা হেডেই করেছে সমতাসূচক গোল। মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া বল বাড়িয়ে দেন মোহাম্মদ হানির উদ্দেশ্যে। হানির পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মোস্তফা জিকো। সমতায় ফেরার ১০ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেয় মিসর। এবার জিকো গোল করিয়েছেন মোহাম্মদ সালাহকে দিয়ে। ৬৮ মিনিটে নিউজিল্যান্ডের রক্ষণভাগে ঢুকে সতীর্থদের সঙ্গে পাস আদান প্রদান করতে করতে প্রতিপক্ষ গোলরক্ষক ম্যাক্স ক্রোকমকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সালাহ।

ভ্যাঙ্কুভারে আজ হেডে গোল দেওয়া যেন এক রকম অভ্যাসে পরিণত করে ফেলে মিসর। ৮২ মিনিটে ত্রেজেগি হেডে গোল করলে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর দল এগিয়ে যায় ৩-১ গোলে। এবার তাঁকে গোল করতে সহায়তা করেন সালাহ।

৩ গোল করার পর কয়েকজন খেলোয়াড়কে বদলি করে মিসর। এমনকি শেষভাগে এসে তারা চতুর্থ গোল করেই ফেলেছিল। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের লং পাসে বল পৌঁছে দেন জিকোর কাছে। জিকো গোল যখন করতে যাবেন, সেই মুহূর্তে স্লাইড করে দলকে বাঁচান নিউজিল্যান্ডের গোলরক্ষক ক্রোকোম। এরপর রেফারির শেষ বাঁশি বাজার পর নিশ্চিত হয় মিসরের ঐতিহাসিক জয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর মিসরের শেষ বত্রিশে ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে মিসর। দুই, তিনে থাকা ইরান, বেলজিয়াম দুই দলেরই পয়েন্ট ২। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল ইরান। গত রাতে ইরান গোলশূন্য ড্র করে বেলজিয়ামের বিপক্ষে। তলানিতে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত