
পাকিস্তানে গেলেই রানা কেমন যেন হয়ে যান— নাহিদ রানার গত রাতের বোলিং দেখে সামাজিক মাধ্যমে এই কথা চাউর হয়ে যায়। গতকাল করাচি জাতীয় স্টেডিয়ামে যেন তিনি বাতাসের সঙ্গে দৌড়েছেন। গতির সঙ্গে বাউন্সারে বেসামাল করেছেন করাচি কিংসের ব্যাটারদের। কিপটে বোলিংয়ে নাম লিখিয়েছেন বিশেষ এক রেকর্ডে।
পেশোয়ার জালমির হয়ে খেলা রানা গতকাল ৪ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বিদেশি বোলারদের মধ্যে পিএসএলে রান খরচের দিক থেকে এটা দ্বিতীয় সেরা। শুধু এতটুকুতেই তাঁর ইমপ্যাক্ট বোঝার উপায় নেই। গতির পাশাপাশি লেংথের হেরফেরে যেভাবে নাচিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের, ম্যাচ সরাসরি দেখলে সেটা বুঝতে পারার কথা। তাঁর তিনটা উইকেটের ধরন তিন রকম। সাদ বাইগকে কট এন্ড বোল্ড করেছেন রানা। খুশদিল শাহ কট বিহাইন্ডের শিকার হয়েছেন রানার বলে। আর অ্যাডাম জাম্পাকে বাংলাদেশের গতিতারকা করেছেন বোল্ড।
পাকিস্তানের মাঠ অবশ্য রানার কাছে অপরিচিত নয়। এশিয়া মহাদেশের এই দেশে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত দুই টেস্ট ও এক ওয়ানডে খেলেছেন তিনি। যার মধ্যে ২০২৪ সালে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলে নিয়েছেন ৬ উইকেট। উচ্চতা কাজে লাগিয়ে গতির পাশাপাশি বাউন্সারে ভড়কে দেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। আর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৪৩ রানে ১ উইকেট নিয়েছেন রানা। কিউই তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন তাঁর (রানা) বল বুঝতে না পেরে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ডের শিকার হয়েছেন।
রানার দুর্দান্ত বোলিংয়ের রাতে পেশোয়ার জালমি ১৫৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে। পেশোয়ারের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় করাচি কিংস। ম্যাচ শেষে করাচি কিংসের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন আলী প্রশংসায় ভাসিয়েছেন রানাকে। ইংল্যান্ডের সাবেক ব্যাটার বলেন, ‘এক্সপ্রেস ফাস্ট বোলিং খেলা যেকোনো পিচেই কঠিন। সে (রানা) যে লেংথে বোলিং করেছে, দারুণ ছিল। বর্তমানে আপনি অনেক বেশি গতিময় বোলার খুঁজে পাবেন না। সে দুর্দান্ত বোলিং করেছে। তাকে সামলানো কঠিন ছিল। আমি বাংলাদেশের হয়েও বোলিং করতে দেখেছি। বাংলাদেশ ক্রিকেটের বড় একজন তারকা সে হবে।’
পিএসএলে গতবার রানাকে নিলেও খেলায়নি পেশোয়ার জালমি। পরশু পিএসএল অভিষেকে ৩ ওভারে ৩০ রান খরচ করেও ছিলেন উইকেটশূন্য। ঠিক তার পরের ম্যাচে আগুনে বোলিংয়ে বার্তা দিলেন রানা। পোলা তো নয় যেন আগুনের গোলা—রানাকে দেখে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের এই গান এখন অনেকের মনে পড়তেই পারে।
পিএসএলে ইতিহাসে বিদেশি বোলারদের মধ্যে কিপটে বোলিংয়ের সেরা রেকর্ডটা এখনো সামিত প্যাটেলের। ২০২০ সালে ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনার ৪ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সেবার তিনি খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। প্রতিপক্ষ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইকোনমির দিক থেকে বিচার করলে রানা-মোহাম্মদ নবি যৌথভাবে দুইয়ে। ২০২৫ পিএসএলে করাচি কিংসের হয়ে ৪ ওভারে ৭ রানে ২ উইকেট নিয়েছিলেন নবি। এক ওভার মেডেনও দিয়েছিলেন আফগান তারকা অলরাউন্ডার। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
| বোলার | দল | ইকোনমি | উইকেট | প্রতিপক্ষ | সাল |
|---|---|---|---|---|---|
| সামিত প্যাটেল | লাহোর কালান্দার্স | ১.২৫ | ৪ | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | ২০২০ |
| নাহিদ রানা | পেশোয়ার জালমি | ১.৭৫ | ৩ | করাচি কিংস | ২০২৬ |
| মোহাম্মদ নবি | করাচি কিংস | ১.৭৫ | ২ | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | ২০২৫ |
| ইমরান তাহির | মুলতান সুলতানস | ২ | ২ | ইসলামাবাদ ইউনাইটেড | ২০২২ |
| রশিদ খান | লাহোর কালান্দার্স | ২.২৫ | ১ | ইসলামাবাদ ইউনাইটেড | ২০২১ |

৬৬ মিনিটে আরও একটি দুর্দান্ত পাসে আবাহনীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এমেকা। তিন ফুটবলারকে কাটিয়ে কাটব্যাকে সুলেমান দিয়াবাতের কাছে বল পাঠান তিনি। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোলটি করেন দিয়াবাতে।
৫ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ শেষ হওয়ার দুই দিন পেরিয়ে গেছে। তবে আলোচনা এখনো চলছে। সেই ম্যাচে রেফারি ইস্তেফান কোভাকসের বিতর্কিত রেফারিং ম্যাচের ফল বদলে দিয়েছে বলে দাবি বার্সেলোনার। কাতালানরা এটা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে।
৫ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ১৭০ ম্যাচ কর্মকর্তা থাকছেন। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিশাল এই বহরে ব্রাজিল-আর্জেন্টিনার কর্মকর্তাদের সংখ্যাই বেশি।
৬ ঘণ্টা আগে
বিরতির ঠিক পরেই গোল শোধ করে আবারও সমতায় ফেরে তাইপে। তবে চার মিনিট পরেই মেহরাব হোসেন সামিন গোল করলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়টা ছিল চরম উত্তেজনার। তাইপে একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে নাটকীয়তা তুঙ্গে ওঠে, যখন টানা তিনটি...
৭ ঘণ্টা আগে