Ajker Patrika

আর্জেন্টিনার ফুটবলারকে কেন আলাদা রাখা হচ্ছে

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার ফুটবলারকে কেন আলাদা রাখা হচ্ছে
বারবার দর্শকদের তোপের মুখে পড়ছেন হুলিয়ান আলভারেস। ছবি: এএফপি

আবারও হুলিয়ান আলভারেস। ফের সেই দুয়োধ্বনি। নতুন মৌসুম শুরু হতেই ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে এখন অনেকটা আলাদা করে রাখছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে।

ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল লা লিগায় আতলেতিকো মাদ্রিদ খেলেছে ভিয়ারিয়ালের বিপক্ষে। ৬৭ মিনিটে মার্ক পিউবিলের বদলি হিসেবে নামানো হয় আলভারেসকে।মূল একাদশে না নামলেও তোপের মুখে পড়েন তিনি। যার ফলে সতীর্থরা ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের অভিনন্দনের জবাব দিলেও আলভারেস সেখানে ছিলেন না। সতীর্থদের সঙ্গে না গিয়ে একাই ড্রেসিংরুমে চলে যান আর্জেন্টাইন তারকা।

ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে আলভারেস ইস্যুতে মুখ খুলেছেন আতলেতিকো কোচ সিমিওনে। ব্যাখ্যায় কোচ বলেন, ‘ক্লাবের লোকজন আমাকে জানিয়েছিল যে, তাকে গ্যালারি ও সমর্থকদের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে দূরে রাখাই ছিল সিদ্ধান্ত। ড্রেসিংরুমেও তাঁকে আলাদা আসতে হবে।’

২০২৬-২৭ মৌসুম শুরুর আগেই আলভারেসকে দলে ভেড়ানো নিয়ে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদের মধ্যে চলছিল লড়াই। শেষ পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ড থেকে যান আতলেতিকোতেই। তবু নিজ ক্লাবের (আতলেতিকো মাদ্রিদ) ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়ছেন তিনি। আলভারেস তো বটেই, উপরন্তু দলের মধ্যে ঐক্য ধরে রাখা নিয়েই ভাবনা সিমিওনের। ড্রয়ের পর আতলেতিকো কোচ বলেন, ‘আমি এখানে পরামর্শ দেওয়ার জন্য আসিনি। নিজের কাজের দিকে মনোযোগ দিতে হবে। আর সেটা হলো মাঠে নিজের সেরাটা দেওয়া।’

কয়েক মাস আগে শেষ হওয়া ২০২৫-২৬ লা লিগায় আতলেতিকো চার নম্বরে থেকে শেষ করেছিল। সেই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবটির জার্সিতে ৪৯ ম্যাচে ২০ গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল ৯টি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টেই তিনি গোল পেয়েছিলেন।

শিরোপা জিততে হলে স্ট্রাইকারদের ভালো করার বিকল্প নেই, সেটা জানেন সিমিওনে। আলভারেসকে নিয়েই তা-ই আতলেতিকো কোচ বেশি মনোযোগী, ‘আমরা যদি কোনো শিরোপা জিততে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিশ্বমানের ফরোয়ার্ড থাকতে হবে।আমাদের ফরোয়ার্ড দরকার। ভালো ফরোয়ার্ড দরকার। তারা আমাদের দলে আছে এবং তাদের যত্ন নিতে হবে।’

আলভারেসকে উদ্দেশ্য করে কদিন আগে অনুশীলন মাঠের সামনে ‘হুলিয়ান আউট’ লেখা ব্যানার টাঙানো হয়েছিল। কোথাও কোথাও তাঁর ১৯ নম্বর জার্সির ওপর ক্রস চিহ্ন এঁকে তাঁর বিদায়ও দাবি করেছেন ভক্তরা। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছে যেতে চাওয়ার কথা প্রকাশ্যে বলার পর থেকেই সমর্থকদের বড় একটি অংশ আলভারেসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট চার। ২০২৬-২৭ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় এখন তাঁর দল তিনে। মালাগার বিপক্ষে গত ১৯ আগস্ট আলভারেসকে খেলানোই হয়নি। সেই ম্যাচ আতলেতিকো জিতেছিল ২-০ গোলে। গতকাল তো আতলেতিকো-ভিয়ারিয়াল ড্র হয়েছে ২-২ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত